১৪ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩
স্বাস্থ্য

সকালে উষ্ণ লেবু পানি কি সত্যিই স্বাস্থ্যের জন্য উপকারী?

IMG_7700

সকালে ঘুম থেকে উঠে উষ্ণ পানিতে লেবুর রস মিশিয়ে পান করার অভ্যাস অনেকেরই রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই পানীয়ের নানা উপকারিতার কথা প্রচার করা হয়। দাবি করা হয়, নিয়মিত লেবু পানি পান করলে ওজন কমে, হজমশক্তি বাড়ে, ত্বক ভালো থাকে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। তবে এসব দাবির পেছনে কতটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে?

বিশেষজ্ঞদের মতে, উষ্ণ লেবু পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো অভ্যাস হতে পারে। তবে এটিকে কোনো অলৌকিক পানীয় কিংবা সব শারীরিক সমস্যার সমাধান ভাবার সুযোগ নেই। এর সবচেয়ে বড় উপকারিতা হলো শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করা।

রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সকালে পানি পান করা শরীরের জন্য জরুরি। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, হাড়ের সংযোগস্থল সচল রাখা এবং ঘাম ও প্রস্রাবের মাধ্যমে বর্জ্য বের করে দেওয়ার কাজে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত পানি পান করলে ত্বক ভালো রাখা, মনোযোগ বাড়ানো এবং স্বাভাবিক শারীরিক কার্যক্রম বজায় রাখতেও সহায়তা পাওয়া যায়। তবে এসব উপকারিতা শুধু লেবু পানি নয়, সাধারণ পানি পান করলেও পাওয়া সম্ভব।

হজমের ক্ষেত্রেও লেবু পানির উপকারিতা নিয়ে সরাসরি বড় কোনো গবেষণা নেই। পর্যাপ্ত পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমতে পারে। ছোট একটি গবেষণায় দেখা গেছে, লেবুর রস পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ কিছুটা বাড়াতে পারে, যা খাবার হজমে সহায়তা করতে পারে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

অন্যদিকে, লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখা এবং ক্ষত সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি বড় লেবুর অর্ধেক রস থেকে দৈনিক প্রয়োজনীয় ভিটামিন সির প্রায় এক-চতুর্থাংশ পাওয়া যেতে পারে। তবে বেশি ভিটামিন সি গ্রহণ করলেই যে সর্দি-কাশি প্রতিরোধ হবে কিংবা দ্রুত সেরে যাবে, এমন প্রমাণ নেই।

এ ক্ষেত্রে পানির তাপমাত্রার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ৭০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ভিটামিন সি দ্রুত নষ্ট হতে শুরু করে। তাই ফুটন্ত পানিতে লেবুর রস মিশিয়ে পান করলে এর পুষ্টিগুণের একটি বড় অংশ কমে যেতে পারে।

Advertisements

ওজন কমানোর ক্ষেত্রেও উষ্ণ লেবু পানির বিশেষ কোনো জাদুকরী ক্ষমতা নেই। এটি শরীরের বিপাকক্রিয়া বাড়িয়ে সরাসরি চর্বি গলিয়ে দেয়, এমন শক্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে চিনিযুক্ত পানীয় বা ক্যালোরিযুক্ত কফির পরিবর্তে লেবু পানি পান করলে দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ কমতে পারে। ফলে পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

এ ছাড়া কিছু গবেষণায় সাইট্রাসজাতীয় ফল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এবং দীর্ঘমেয়াদে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে এ বিষয়ে প্রমাণ এখনো যথেষ্ট শক্তিশালী নয়।

সব মিলিয়ে, উষ্ণ লেবু পানি কম ক্যালোরিযুক্ত একটি সতেজ পানীয়। চিনিযুক্ত পানীয়ের পরিবর্তে এটি ভালো বিকল্প হতে পারে। সকালে পান করলে শরীরের পানির চাহিদা পূরণেও সহায়তা করে। তবে শরীর ডিটক্স করা, দ্রুত ওজন কমানো কিংবা রোগ প্রতিরোধক্ষমতা অসাধারণভাবে বাড়ানোর কোনো গোপন উপায় এটি নয়। তাই উপকারিতা পেতে চাইলে নিয়মিত পর্যাপ্ত পানি পান এবং সুষম খাদ্যাভ্যাসের ওপরই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

Advertisements