আন্দোলনের জনপ্রিয়তায় অভিজিতের জন্য বাড়ছে বিয়ের প্রস্তাব

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও ৩০ বছর বয়সী তরুণ অধিকারকর্মী অভিজিৎ দিপকের জন্য বিয়ের প্রস্তাবের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসবিরোধী আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে বলে জানিয়েছে তার পরিবার।
সম্প্রতি সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতীয় পর্যায়ে পরিচিতি পান অভিজিৎ। তার জনপ্রিয়তা ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন তার মা অনিতা দিপকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনিতা দিপকে বলেন, আন্দোলন শুরুর আগেও ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসত। তবে সিজেপির নেতৃত্বে জাতীয় পরিচিতি পাওয়ার পর সেই সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে।
তিনি জানান, অভিজিৎ যুক্তরাষ্ট্রের বোস্টনে পড়াশোনার সময়ও পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে সে সময় তিনি এ বিষয়ে কোনো স্পষ্ট মত দেননি। বিয়ের প্রসঙ্গ উঠলেই হেসে বিষয়টি এড়িয়ে যেতেন।
অনিতা দিপকে বলেন, বাবা-মা হিসেবে তারা চান অভিজিৎ এবার সংসার শুরু করুক। কয়েক দিনের মধ্যে তিনি বাড়ি ফিরলে বিষয়টি নিয়ে আবারও আলোচনা করবেন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকবে অভিজিতের হাতেই।
৩০ বছর বয়সী অভিজিৎ দিপকে যুক্তরাষ্ট্রের বোস্টনে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে তরুণদের সংগঠিত করে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন। এর মাধ্যমে তিনি সারা ভারতে আলোচনায় আসেন।



