আর্জেন্টিনা হারতেই ভেস্তে গেল পরীমনির ‘বিয়ের ঘোষণা’, নতুন পোস্টে যা বললেন অভিনেত্রী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময়ের ব্যতিক্রমী মন্তব্যের কারণে আলোচনায় থাকেন। সম্প্রতি ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেওয়া তার একটি মজার ঘোষণা আবারও ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি বলেছিলেন, প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন। তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই ঘোষণা আর বাস্তবায়িত হচ্ছে না।

সোমবার (২০ জুলাই) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরা নানা ধরনের মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া জানান, আর পোস্টটি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে পরীমনি মজার ছলে ফেসবুকে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ তার সেই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই বিষয়টিকে রসিকতা হিসেবে নিলেও, অনেকে আবার সত্যি ধরে নিয়ে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাবও পাঠান।
পরে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় পরীমনি জানান, বিষয়টি তিনি নিছক আনন্দ ও রসিকতার ছলেই লিখেছিলেন। কিন্তু অনেকেই সেটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নিলে সেটি অবশ্যই পারিবারিকভাবেই হবে।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেন ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে। এর ফলে বিশ্বকাপ জয় উপলক্ষে দেওয়া পরীমনির আলোচিত ‘বিয়ের ঘোষণা’ও শেষ পর্যন্ত আর বাস্তবে রূপ নিল না।



