বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২০ জুলাই, ২০২৬
বিবিধ

‘সরকার–রাষ্ট্র কারও কাছে কিছু চাওয়ার নেই’ – শাওন

‘সরকার–রাষ্ট্র কারও কাছে কিছু চাওয়ার নেই’ – শাওন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ১৪তম মৃত্যুবার্ষিকী । তাই আজ রোববার দুপুরে গাজীপুরের নুহাশপল্লীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় তার স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘সরকার, রাষ্ট্র কারও কাছেই আমার কিছু চাওয়ার নাই, আগেও চাওয়ার ছিল না হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে উনাকে নিয়ে কিছু পালন করবার।’

আজ বেলা ১২টায় নুহাশপল্লীর লিচুতলায় মেহের আফরোজ তার দুই ছেলে নিনিত ও নিষাদ হুমায়ূনকে নিয়ে কবর জিয়ারত করেন। এ সময় হুমায়ূন আহমেদের ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কোরআনখানি ও মিলাদ মাহফিলের।

কবর জিয়ারত শেষে মেহের আফরোজ বলেন, ‘হুমায়ূন আহমেদ চলে গেছেন আজ ১৪ বছর। গত ১৪ বছরে শুধু আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলেই হুমায়ূন আহমেদের জন্মদিন এবং মৃত্যুদিন একদম নিয়মিত পালন করেছি। ১৪ বছরের প্রতিটি সময় আমি আমার পরিবার নিয়ে ছিলাম, আমার সহকর্মীরা নুহাশপল্লীর সবাই মিলে ছিলাম। আশা ছিল, এখন কোনো আশাও নাই, কোনো চাওয়া নাই কারও কাছে। আমরা তার জন্ম-মৃত্যুদিবস পালন করে যাব, যত দিন আমরা বেঁচে থাকব বা যত দিন নুহাশপল্লীর একটি কর্মীও থাকবে অথবা নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের ভক্ত–কর্মী যত দিন থাকবে।’

হুমায়ূন আহমেদের বইয়ের সংগ্রহশালা বা লাইব্রেরি প্রতিষ্ঠা করার বিষয়ে মেহের আফরোজ বলেন, ‘নুহাশপল্লীতে (লাইব্রেরি) আছে, আরও কয়েকটি জায়গায় লাইব্রেরি আছে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত লাইব্রেরি এখনো করা হয়নি। আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত লাইব্রেরি করার জন্য কয়েকবার চেষ্টা করেছিলাম। অনেকে বই নেয়, বই ফেরত দেয় না। হুমায়ূন আহমেদের বইয়ের প্রথম প্রকাশিত কপিও ছিল, সেগুলো যখন কেউ শার্টের ভেতরে করে নিয়ে চলে যায়, তখন আসলে খুব কষ্টের ব্যাপার হয়। তাই তার বইয়ের সংগ্রহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা এখনো নেই।’

Advertisements

প্রতিবারের মতো এবারও হুমায়ূনের ভক্ত, কবি, লেখকেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচুতলায়। লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। তারা লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ২০১২ সালে ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।

নেত্রকোনার কেন্দুয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণদিবস পালন করা হয়েছে। আজ সকালে কেন্দুয়ার কুতুবপুর গ্রামে লেখকের নিজ হাতে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কোরআন খতম, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক শোভাযাত্রা, লেখকের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, দেয়ালিকা প্রদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠান হয়েছে।

Advertisements
কথাসাহিত্যিকমৃত্যুবার্ষিকীস্ত্রীহুমায়ূন আহমেদ