বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
বিবিধ

প্রাণিসম্পদ দপ্তরে অসুস্থ খরগোশকে কোলে নিয়ে ৫ বছরের শিশু

IMG_2547

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অসুস্থ পোষা খরগোশকে কোলে নিয়ে চিকিৎসার জন্য প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরে এসেছে পাঁচ বছরের শিশু সিনহা মনি। বুধবার (১৫ জুলাই) দুপুরে শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এ দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

সিনহা উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে নানা জয়নাল আবেদীনের বাড়িতে থাকে। প্রায় দেড় বছর আগে নানা ময়মনসিংহের ভালুকা থেকে একটি খরগোশছানা কিনে এনে দেন। সেই খরগোশের নাম রাখা হয় ‘মন্টু’, যা এখন সিনহার সবচেয়ে প্রিয় সঙ্গী।

পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন ধরে মন্টু অসুস্থ। খাবারও খাচ্ছে না। সিনহার ধারণা, কেউ হয়তো খরগোশটির কোমরে আঘাত করেছে। এরপর থেকেই শিশুটি মন খারাপ করে আছে এবং ঠিকমতো খাওয়াদাওয়াও করছে না। শেষ পর্যন্ত খালা জামিয়া আক্তার তাকে নিয়ে পশু হাসপাতালে আসেন।

জানা যায়, জন্মের পরই প্রসবজনিত জটিলতায় সিনহার মা মারা যান। এরপর থেকে নানা-নানির কাছেই বড় হচ্ছে সে। তাকে আনন্দে রাখতে নানা খরগোশ ছাড়াও একটি বিড়াল এনে দেন। বিড়ালটির নাম ‘ঝন্টু’। দুই পোষা প্রাণীকেই নিজের হাতে খাবার খাওয়ায় সিনহা।

Advertisements

শ্রীপুর উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মুরশেদ খরগোশটি পরীক্ষা করে জানান, এর কোমরে ব্যথা রয়েছে। তবে হাড় ভেঙেছে কি না, তা নিশ্চিত হতে এক্স-রে করতে হবে। আপাতত ওষুধ দেওয়া হয়েছে এবং দুই দিন পর্যবেক্ষণে রাখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, প্রতিদিনই অনেকেই পোষা প্রাণীর চিকিৎসা নিতে আসেন। তবে একটি ছোট শিশুর প্রাণীর প্রতি এমন গভীর মমতা ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়।

Advertisements
খরগোশপ্রাণীসম্পদ দপ্তরশিশু