সোমবার প্রকাশিত হতে পারে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

আগামী সোমবার (২০ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিভিন্ন অনুষ্ঠানে ২০ জুলাই ফল প্রকাশের কথা জানিয়েছিলেন।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একাধিক সূত্র। যদিও সোমবারই ফল প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফলাফল প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ২০ জুলাইকে লক্ষ্য রেখেই কাজ এগিয়ে চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের।
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন নিবন্ধন করেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফলাফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করা হচ্ছে।



