থাবার ছাপ দিয়ে বিয়ের সাক্ষী হলো পোষা কুকুর

বিয়ের সাক্ষী হিসেবে সাধারণত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন বা পরিচিত মানুষদেরই দেখা যায়। তবে এবার ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলো ইকুয়েডর। দেশটির এক দম্পতি তাদের জীবনের বিশেষ দিনে সাক্ষী হিসেবে বেছে নিয়েছেন প্রিয় পোষা কুকুরকে।
ইকুয়েডরের বাসিন্দা ডায়ানা তুপিজা ও আন্দ্রেস আলকুইঙ্গা বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তাদের পোষা কুকুর ‘লুনা’কে বিয়ের সাক্ষী করার সিদ্ধান্ত নেন। পেকিনিজ জাতের ছোট্ট এই কুকুরটি বিয়ের সনদে নিজের থাবার ছাপ দিয়ে হয়ে ওঠে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের অংশ।
লাতিন আমেরিকার বেশির ভাগ দেশে বিয়ের সাক্ষী হিসেবে কেবল মানুষকেই অনুমোদন দেওয়া হয়। তবে ইকুয়েডর সম্প্রতি পোষা প্রাণীবান্ধব একটি উদ্যোগ গ্রহণ করেছে। পরিবারে পোষা প্রাণীদের আবেগময় ও গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও বিয়ের সনদে লুনার থাবার ছাপের কোনো আইনগত স্বীকৃতি নেই, তবে ওই দম্পতির কাছে এর মূল্য অনেক বেশি। মে মাস থেকে এ পর্যন্ত ইকুয়েডরে ৫০টির বেশি দম্পতি তাদের পোষা কুকুর বা বিড়ালকে বিয়ের অনুষ্ঠানের বিশেষ অংশ হিসেবে যুক্ত করেছেন।
পেশায় প্রকৌশলী ৩৮ বছর বয়সী কনে ডায়ানা জানান, তার ৩১ বছর বয়সী স্বামী আন্দ্রেসই প্রথম লুনাকে বিয়ের সাক্ষী করার ধারণাটি দেন। তাদের কাছে লুনা শুধু একটি পোষা প্রাণী নয়, বরং পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য।
তবে ডায়ানার মা লুজ লিমা শুরুতে বিষয়টি নিয়ে কিছুটা অবাক হয়েছিলেন। তার মতে, বিয়ের সাক্ষী এমন কাউকে হওয়া উচিত, যে অন্তত বুঝতে পারে সে কী করছে। কিন্তু পরে তিনিই লুনার জন্য বিশেষ পোশাক তৈরি করে দেন। আধুনিক সময়ের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যুগটাই এখন আধুনিকতার।’
ইকুয়েডরের সিভিল রেজিস্ট্রির পরিচালক ওটন রিভাদেনেরা বলেন, বর্তমান সময়ের পরিবর্তিত পারিবারিক কাঠামোর সঙ্গে তাল মিলিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অনেক মানুষের জীবনেই পোষা প্রাণী পরিবারের সদস্যের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
দেশটির সাম্প্রতিক জনশুমারি অনুযায়ী, প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষের ইকুয়েডরে প্রায় ৭৬ লাখ মানুষের ঘরে পোষা কুকুর বা বিড়াল রয়েছে। এই সংখ্যা দেশটির ১২ বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যার প্রায় দ্বিগুণ।
লুনার থাবার ছাপযুক্ত বিশেষ সনদে উল্লেখ করা হয়েছে—এটি একটি ‘প্রতীকী বিয়ের সনদ’। সেখানে পোষা প্রাণীর পায়ের ছাপ দেওয়ার জন্য আলাদা জায়গাও রাখা হয়েছে।
ডায়ানা জানান, লুনা ছাড়াও তার আরও তিনটি পোষা কুকুর ও একটি বিড়াল রয়েছে। সবাইকে বিয়েতে নিয়ে আসতে পারলে আরও আনন্দিত হতেন তিনি। তবে লুনা তাদের সবার প্রতিনিধি হয়ে এই বিশেষ দিনে পাশে ছিল।



