‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যাম নিল মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) ৭৮ বছর বয়সে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

পরিবার জানিয়েছে, তার মৃত্যু আকস্মিক হলেও মৃত্যুর সময় তিনি ক্যানসারমুক্ত ছিলেন। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
২০২৩ সালে প্রকাশিত আত্মজীবনী ‘ডিড আই এভার টেল ইউ অ্যাবাউট দিস?’ -এ স্যাম নিল জানান, ২০২২ সালে তার অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা নামে বিরল ধরনের রক্তের ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পর রোগটি নিয়ন্ত্রণে এলেও তাকে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছিল।
১৯৪৭ সালে উত্তর আয়ারল্যান্ডের ওমাহ শহরে জন্ম নেওয়া স্যাম নিল ১৯৫৪ সালে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যান। থিয়েটারের মাধ্যমে অভিনয়জীবন শুরু করে ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান।
১৯৭৭ সালের ‘স্লিপিং ডগস’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় এলেও ১৯৯৩ সালে ‘দ্য পিয়ানো’ এবং একই বছরে ‘জুরাসিক পার্ক’ চলচ্চিত্রে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। পরে ‘জুরাসিক পার্ক ৩’ও ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডোমিনিয়ন’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন।
পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১৫০টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন স্যাম নিল। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে দ্য হান্ট ফর রেড অক্টোবর, দ্য জঙ্গল বুক, ইভেন্ট হরাইজন, বাইসেন্টেনিয়াল ম্যান, পিটার র্যাবিট এবং জনপ্রিয় সিরিজ পিকি ব্লাইন্ডার্স।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক শোকবার্তায় বলেন, স্যাম নিল অসংখ্য প্রিয় অস্ট্রেলীয় গল্পের অংশ ছিলেন। তার অভিনয়, রসবোধ ও ব্যক্তিত্ব দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
অভিনয়ে অবদানের জন্য ১৯৯১ সালে তিনি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে ভূষিত হন। ২০২২ সালে নাইটহুড গ্রহণের মাধ্যমে তার নামের আগে যুক্ত হয় ‘স্যার’ উপাধি।
মৃত্যুকালে স্যাম নিল চার সন্তান ও ছয় নাতি-নাতনি রেখে গেছেন।



