নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিতে নীতিনির্ধারক ও অংশীজনদের সমন্বিত উদ্যোগের আহ্বান

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ, নিরাপত্তা এবং নেতৃত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দল, সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও তরুণদের মধ্যে সমন্বিত সহযোগিতার আহ্বান জানিয়েছেন বক্তারা। আজ রাজধানীর বনানীর প্ল্যাটিনাম গ্র্যান্ডে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত বিভাগীয় ‘পলিসি ক্যাফে’-তে অংশগ্রহণকারীরা এই তাগিদ দেন।
“শি স্পিকস: এমপাওয়ারিং ভয়েসেস, শেপিং পলিসি” প্রকল্পের আওতায় আয়োজিত এই সংলাপে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি, সক্রিয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা, অধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী এবং তৃণমূল পর্যায়ের তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে বক্তারা বলেন, কেবল আইনি বা কাগজে-কলমে কোটা থাকলেই নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত হয় না; এর জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সরকারের প্রাতিষ্ঠানিক সহায়তা এবং ব্যাপক জনসচেতনতা। ভোটার, প্রার্থী ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে নারীর পথ সুগম করতে নির্বাচনের আগেই বিদ্যমান সামাজিক ও কাঠামোগত বাধাগুলো দূর করার ওপর জোর দেন তারা।
আলোচনায় তরুণ রাজনীতিক ফারহানা বিনতে জিগার ফারিন বলেন, “আমাদের স্থানীয় সিদ্ধান্তগুলো সাধারণত অফিসের মিটিংয়ে হয় না; সিদ্ধান্ত হয় পাশের চায়ের দোকানে, আর নারীরা সেখানে অনুপস্থিত। পাশাপাশি নির্বাচনী প্রচারণার অর্থ জোগাড় করতেও নারীরা অনেক পিছিয়ে আছেন। এই চিত্র বদলাতে রাজনৈতিক দল ও সমাজকে আরও ইতিবাচক হতে হবে।”
তরুণ প্রতিনিধি আবু সাঈদ বলেন, “নারীরা রাজনীতিতে আসছেন, কিন্তু সামাজিক ও সাইবার নিরাপত্তার অভাবে টিকতে পারছেন না। অনেক ক্ষেত্রে নিজ দলের ভেতর থেকেই এই অনিরাপত্তা তৈরি হয়। নারীর জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ তৈরিতে দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার ও জবাবদিহিতা জরুরি।”
ওয়েভ ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর কানিজ ফাতিমা সুপারিশ করেন, “গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণের বিধানকে আলংকারিক না রেখে প্রকৃত ক্ষমতায়নের দিকে নিয়ে যেতে হবে। এজন্য তথ্য-উপাত্ত ও স্থানীয় অভিজ্ঞতাগুলো তুলে ধরে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত অ্যাডভোকেসি এবং সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।”
সংলাপের পটভূমি হিসেবে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত একটি সাম্প্রতিক জরিপের তথ্য উপস্থাপন করা হয়। দেশের আটটি বিভাগের ৫ হাজার ৪২৮ নারীর ওপর পরিচালিত ওই জরিপে দেখা যায়, ৬৭ শতাংশ নারী কখনো স্থানীয় ওয়ার্ড সভা, বাজেট অধিবেশন বা গ্রাম আদালতের শুনানিতে অংশ নিতে পারেননি এবং ৪০ শতাংশ রাজনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়রানির শিকার হয়েছেন।
তবে জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ নারী সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা বাড়ানোর এবং ৭৪ শতাংশ অন্তর্ভুক্তিমূলক কোটার পক্ষে মত দিয়েছেন—যা নারীর নেতৃত্বের প্রতি প্রবল আকাঙ্ক্ষার প্রতিফলন।উল্লেখ্য, জরিপে অংশ নেওয়াদের ৬০ দশমিক ১ শতাংশ ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা, ৮৫ শতাংশের বেশির বয়স ৩৫ বছরের কম এবং ৬৭ শতাংশ শিক্ষার্থী।
দেশের আটটি বিভাগীয় পলিসি ক্যাফে থেকে প্রাপ্ত সুপারিশগুলোর ভিত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠায় একটি নিবেদিত ‘সংসদীয় ককাস’ গঠনের লক্ষ্যে ধারাবাহিক পলিসি অ্যাডভোকেসি পরিচালিত হবে।



