১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৭ কার্তিক ১৪৩৩
বিবিধ

দর্শক ঠেকাতে ফুটবল মাঠের চারপাশে কুমির রাখার পরিকল্পনা রোমানিয়ার ক্লাবের!

images (6)

ফুটবল মাঠে অনাকাঙ্ক্ষিত দর্শক প্রবেশ কিংবা সমর্থকদের বিশৃঙ্খলা ঠেকাতে সাধারণত নিরাপত্তাবেষ্টনী ও পুলিশের পাহারার ব্যবস্থা করা হয়। তবে এসব প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে এক অদ্ভুত পরিকল্পনা করেছিল রোমানিয়ার চতুর্থ বিভাগের একটি ফুটবল ক্লাব। মাঠে দর্শকদের অনুপ্রবেশ বন্ধ করতে চারপাশে কুমিরভর্তি পরিখা তৈরির প্রস্তাব দিয়েছিল ক্লাবটি।

ঘটনাটি ২০০৩ সালের। স্টুয়া নিকোলা বালচেস্কু নামের ক্লাবটি মাঠে দর্শকদের অনুপ্রবেশ ও দাঙ্গার ঘটনায় লিগ থেকে বহিষ্কারের হুমকিতে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ক্লাবটির চেয়ারম্যান আলেকজান্দ্রা ক্রিঙ্গুস অভিনব এক সমাধানের কথা ভাবেন। তাঁর পরিকল্পনা ছিল, ফুটবল মাঠের চারপাশে গভীর ও প্রশস্ত খাল খনন করে সেখানে কুমির ছেড়ে দেওয়া। এতে দর্শকদের পক্ষে মাঠে প্রবেশ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

নিজের পরিকল্পনা সম্পর্কে ক্রিঙ্গুস জানিয়েছিলেন, বিষয়টি কোনো রসিকতা নয়। তাঁর মতে, কুমির সংগ্রহ করা কঠিন হবে না। কসাইখানা থেকে মাংস সংগ্রহ করে সেগুলোর খাবারের ব্যবস্থাও করা সম্ভব। খাল এতটাই প্রশস্ত করার কথা ভেবেছিলেন তিনি, যাতে কেউ লাফ দিয়ে সেটি পার হতে না পারেন। কেউ পার হওয়ার চেষ্টা করলে কুমিরের মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকবে।

পরিকল্পনায় খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রেখেছিলেন ক্লাব চেয়ারম্যান। মাঠ থেকে কিছুটা দূরে খাল খননের প্রস্তাব দিয়েছিলেন, যাতে খেলার সময় অসাবধানতাবশত কোনো খেলোয়াড় সেখানে পড়ে না যান। এমনকি শীতকালে কুমিরদের পানির তাপমাত্রা স্বাভাবিক রাখতে বৈদ্যুতিক পাইপ ব্যবহারের চিন্তাও করেছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত ক্লাব চেয়ারম্যানের এই ব্যতিক্রমী পরিকল্পনা বাস্তবায়নের অনুমতি দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ। ফলে ফুটবল মাঠের চারপাশে কুমিরের পাহারা বসানোর পরিকল্পনা আর বাস্তবে রূপ নেয়নি। মাঠে দর্শক অনুপ্রবেশ ঠেকানোর ইতিহাসে এটি রয়ে গেছে অন্যতম অদ্ভুত এক প্রস্তাব হিসেবে।

Advertisements
Advertisements