বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১২ জুলাই, ২০২৬
খাবার-দাবার

রেঁধে ফেলুন মেসির চিট মিল মিলানেসা

6a37e5569e742

এই ৩৯ বছর বয়সেও যে তিনি ভেলকি দেখিয়ে চলেছেন, সেটা তো আর এমনি এমনি নয়। আমাদের ব্যাপক উদ্বেলিত করতে মেসির মতো লিজেন্ডদের কতটা ঘাম ঝরাতে হয়, সেই হিসাব সবার কাছে নেই। যাঁরা খানিক খোঁজখবর রাখেন, তাঁরা জানেন, মেসির জীবন রুটিন মেপে চলে। খাওয়া থেকে ঘুম, ট্রেনিং থেকে বিশ্রাম- সবই তাঁর ঘড়ির কাঁটায় ঘুরতে থাকে।

কিন্তু ‘মেসি’ বলে কি তিনি মানুষ নন! মানুষ বলেই তিনি কখনো কখনো টাইব্রেকার কিংবা ফ্রি-কিক মিস করেন। সেই একই কারণে তিনি মাঝে মাঝে ডায়েট আর কঠিন রুটিন ভেঙে চিট মিলের আশ্রয় নেন। যাঁরা খানিক হলেও জিম করেছেন, তাঁরা জানেন, জিমের কঠিন নিয়মের মধ্যে মানুষ ঠিক কতটা আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন চিট মিলের জন্য। হ্যাঁ, মেসিও এই চিট মিলের আশ্রয় নেন।

প্রশ্ন হলো, চিট মিলে তিনি কী খান? অনেকগুলো সূত্র থেকে জানা যায়, কঠোর ডায়েটের মাঝে মেসি মাঝে মাঝে তাঁর প্রিয় আর্জেন্টাইন খাবার মিলানেসা খেতে পছন্দ করেন। এটি মূলত ব্রেড ক্রাম্বসে মোড়ানো ভাজা মাংসের খাবার। এ ছাড়া অলিভ অয়েল দিয়ে রান্না করা চিকেন রোস্ট এবং আলু-গাজরের তরকারিও তাঁর বেশ পছন্দের খাবার। আপনার তো আর মেসির মতো ডায়েট করার দরকার নেই। ফলে এক দিন বাড়িতে রান্না করে চেখে দেখতেই পারেন মেসির চিট মিল।

মিলানেসা নামের সেই খাবার রান্না করতে প্রয়োজন হবে গরুর মাংসের রাউন্ড স্টেক দেড় পাউন্ড, ডিম ৬টি, রসুনকুচি ৩ কোয়া, ধনেপাতা ১ মুঠো, ব্রেড ক্রাম্বস প্রয়োজনমতো, ভেজিটেবল অয়েল ভাজার জন্য, টমেটো সস ১ কাপ, পাতলা করে কাটা মোজারেলা চিজ প্রয়োজনমতো, লবণ ও গোলমরিচের গুঁড়া এবং শুকনো অরিগানো প্রয়োজনমতো।

Advertisements

স্টেকটি আধা ইঞ্চির মতো চওড়া করে টুকরো টুকরো কেটে নিন। এবার মিট টেন্ডারাইজার বা কোনো ভারী জিনিস ব্যবহার করে মাংসের টুকরাগুলো পিটিয়ে চ্যাপ্টা করে নিন। একটি বড় বাটিতে ৬টি ডিম, লবণ, রসুন এবং ধনেপাতা একসঙ্গে মেশান। এই মিশ্রণ দিয়ে পেটানো মাংসের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে নিন। এবার মাংসের টুকরাগুলোর দুই পাশে সমানভাবে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন। ব্রেড ক্রাম্বস মাখানো মাংসের টুকরোগুলো গরম তেলে সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। এবার ভেজে রাখা মাংসের টুকরাগুলো বেকিং প্যানে রাখুন। প্রতিটি টুকরার ওপরে এক টেবিল চামচ টমেটো সস, এক স্লাইস মোজারেলা চিজ এবং এক চিমটি অরিগানো দিন। ওভেনে ৩৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ৫ মিনিট বেক করলে তৈরি হয়ে যাবে মেসির প্রিয় মিলানেসা।

Advertisements
চিট মিলটাইব্রেকারমিলানেসামেসি