সেমিফাইনালে উঠতে না পারলেও শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ

ইমার্জিং নেশন্স ট্রফির সেমিফাইনালে খেলার স্বপ্ন আগেই শেষ হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে টুর্নামেন্টের শেষ ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। থাইল্যান্ড নারী দলকে ৩ রানে হারিয়ে আসর শেষ করেছে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। ফলে ৩ রানের রোমাঞ্চকর জয় পায় টাইগ্রেসরা।
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় থাইল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই নাথাকান চানথামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশের স্পিনার সানজিদা আক্তার মেঘলা। এরপর ১৭ রান করা পান্নিতা মায়াকে বোল্ড করে সাজঘরে ফেরান রিতুমনি।
প্রাথমিক বিপর্যয় সামলে নান্নাপাত ও নারুইমেইয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে থাইল্যান্ড। তৃতীয় উইকেটে তাদের গড়ে ওঠা জুটি ম্যাচে ফেরার আশা দেখায় দলটিকে। তবে শেষ পর্যন্ত জয়ের কাছাকাছি গিয়েও লক্ষ্য পূরণ করতে পারেনি তারা। নান্নাপাত ৫৭ রান করে আউট হন। অন্যদিকে নারুইমেই করেন ৩৩ রান। শেষ দিকে সার্নসিরে প্ল্যান্ট ১১ বলে ১৩ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সানজিদা আক্তার মেঘলা। তিনি দুটি উইকেট তুলে নেন। এ ছাড়া রিতুমনি ও জান্নাতুল ফেরদৌস একটি করে উইকেট পান।
এর আগে টসের পর ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। দিলারা করেন মাত্র ২ রান, আর সাথি রানির সংগ্রহ ১২। এরপর শারমিন আক্তার ১৬ রান করে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন।
পরবর্তী সময়ে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। তাদের ব্যাটিংয়ে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন জ্যোতি। তাকে দারুণ সঙ্গ দিয়ে ২৮ রান যোগ করেন সোবহানা। এ ছাড়া স্বর্ণা আক্তার ১৪ এবং রিতুমনি করেন ১২ রান।
পাকিস্তানের বিপক্ষে হারের মধ্য দিয়ে ইমার্জিং নেশন্স ট্রফির অভিযান শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও পরের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পরাজয়ের কারণে সেমিফাইনালে ওঠার সুযোগ শেষ হয়ে যায়। শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশের নারী দল।



