১৮ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৩ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ম

বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

4ae0ecf36f7a070b4fa687dc3cb7efc5-6afd927a14d69

চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে জীবনের এক নতুন অধ্যায়ের সন্ধান পেয়েছেন চীনের এক দম্পতি। ইন্দোনেশিয়া থেকে তুরস্কে পৌঁছে সেখানকার একটি পরিবারের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ইসলাম সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন তারা। তুর্কি পরিবারের আন্তরিকতা, আতিথেয়তা এবং পবিত্র কোরআনের সংস্পর্শ তাদের জীবনদর্শনে পরিবর্তন আনে। একপর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আট বছর ধরে বিবাহিত এই দম্পতি। ধর্মান্তরের পর ইসলামী রীতিতে নতুন করে বিয়েও সম্পন্ন করেছেন তারা।

প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন চীনা নাগরিক মোইয়ান সং ও লুওশি শু। বিভিন্ন দেশের সংস্কৃতি, মানুষের জীবনযাপন ও সামাজিক রীতিনীতি কাছ থেকে জানার উদ্দেশ্যেই তাদের এই যাত্রা শুরু হয়। ভ্রমণের প্রথম গন্তব্য ছিল ইন্দোনেশিয়া। সেখানে মুসলমানদের আতিথেয়তা, আন্তরিকতা ও সুন্দর আচরণ তাদের বিশেষভাবে মুগ্ধ করে। এর মধ্য দিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তাদের মনে।

ভ্রমণের একপর্যায়ে তুরস্কের আনতালিয়া শহরে পৌঁছান এই দম্পতি। সেখানে ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে তাদের আকস্মিক পরিচয় হয়। ভাষাগত পার্থক্য থাকলেও ইংরেজি ও অনুবাদ অ্যাপের সাহায্যে ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। একপর্যায়ে পরিচয় থেকে তৈরি হয় আন্তরিক সম্পর্ক।

পরে তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান তাদের বাড়িতে ঐতিহ্যবাহী তুর্কি নাশতার আমন্ত্রণ জানান। সেখানে আলাপচারিতার সময় চীনা দম্পতির ইসলাম সম্পর্কে জানার আগ্রহের বিষয়টি বুঝতে পারেন তারা। তাদের বিভিন্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতে আয়সেল পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন। বইটি চীনা দম্পতির মনে গভীর প্রভাব ফেলে এবং ইসলাম সম্পর্কে আরও জানার আগ্রহ বাড়িয়ে দেয়।

চীনে ফিরে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত

তুরস্ক থেকে ভ্রমণ শেষে চীনে ফিরে যাওয়ার পর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন মোইয়ান সং ও লুওশি শু। তবে যে শহরে তাদের জীবনের এই পরিবর্তনের সূচনা হয়েছিল, সেখানেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন তারা। এ কারণে আবারও তুরস্কের আনতালিয়ায় ফিরে আসেন দুজন।

Advertisements

পরে আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে তুর্কি পরিবারের সদস্যদের উপস্থিতিতে একজন ইমামের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন তারা। ধর্মান্তরের পর মোইয়ান সং নিজের নাম পরিবর্তন করে রাখেন মুহাম্মদ মুরাদ। তার স্ত্রী লুওশি শুর নতুন নাম হয় লায়লা বাতুল।

ইসলামী রীতিতে নতুন করে বিয়ে

ইসলাম গ্রহণের পর আট বছরের দাম্পত্য জীবনকে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেন এই দম্পতি। এ জন্য কাজি মুহাম্মদ কুশুক তাদের আগের বিয়েটি ইসলামী রীতি অনুযায়ী পুনরায় সম্পন্ন করেন।

বর্তমানে নিজেদের জীবনে আগের তুলনায় বেশি মানসিক প্রশান্তি অনুভব করছেন বলে জানিয়েছেন তারা। ইসলাম সম্পর্কে আরও গভীরভাবে জানার জন্য চীনা ভাষায় অনূদিত বিভিন্ন ইসলামী বই পড়ছেন মুহাম্মদ মুরাদ ও লায়লা বাতুল।

তুরস্কের আনতালিয়ায় যে পরিচয়ের মধ্য দিয়ে তাদের জীবনে এই পরিবর্তনের সূচনা, সেই তুর্কি পরিবারের সঙ্গেও সম্পর্ক এখন আর কেবল পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে তা পারিবারিক বন্ধনে পরিণত হয়েছে। বিশ্বভ্রমণে বেরিয়ে অচেনা একটি দেশে পাওয়া এই পরিচয়ই শেষ পর্যন্ত চীনা দম্পতির জীবনে নতুন বিশ্বাস ও সম্পর্কের এক অধ্যায় তৈরি করেছে।

Advertisements