বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠানের আবর্জনাও

মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির জাঁকজমকপূর্ণ বিয়েকে ঘিরে এবার আলোচনায় এসেছে একেবারে ভিন্ন এক ঘটনা। সাধারণ মানুষের কাছে যা শুধুই আবর্জনা, সেটিই এখন সংগ্রহযোগ্য ‘স্মারক’ হিসেবে বিক্রি হচ্ছে ১০০ ডলার পর্যন্ত দামে।
নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগনাক বিয়ের অনুষ্ঠান চলাকালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশ থেকে নানা ধরনের ফেলে দেওয়া জিনিস সংগ্রহ করেন। তার সংগ্রহে ছিল একটি রিং পপ ক্যান্ডি, একটি হারিয়ে যাওয়া এয়ারপড, এমনকি একটি ব্যবহৃত ওভুলেশন টেস্ট কিটও। পরে এসব জিনিস তিনি স্বচ্ছ প্লাস্টিকের ছোট ও বড় কিউবের ভেতর সংরক্ষণ করে বিক্রির জন্য তুলে ধরেন।
গিগনাক জানান, তিনি মোট ৫০টি ছোট ‘পকেট গার্বেজ’ কিউব তৈরি করেছেন, যার প্রতিটির দাম ২৫ ডলার। আর বড় আকারের কিউবগুলোর মূল্য রাখা হয়েছে ১০০ ডলার।
তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এসব জিনিস টেইলর সুইফট, ট্রাভিস কেলসি বা তাদের অতিথিদের ফেলে যাওয়া- এমন কোনো নিশ্চয়তা তিনি দিতে পারেন না। তার ভাষায়, এগুলো কেবল বিয়ের দিন ও স্থানকে ঘিরে সংগৃহীত আবর্জনা, যা বিশেষ স্মারক হিসেবে মূল্য পেতে পারে।
আবর্জনাকে শিল্পে রূপ দেওয়ার কাজ নতুন নয় জাস্টিন গিগনাকের কাছে। প্রায় ২৫ বছর ধরে তিনি নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা পরিত্যক্ত জিনিস স্বচ্ছ কিউবে সংরক্ষণ করে বিক্রি করছেন। তার বিশ্বাস, মানুষ যেসব জিনিস অমূল্য মনে করে ফেলে দেয়, সেগুলোর মধ্যেও গল্প, স্মৃতি ও শিল্পের মূল্য লুকিয়ে থাকে।
স্থানীয়দের অনেকেই এই উদ্যোগকে সৃজনশীল ব্যবসায়িক ধারণা হিসেবে দেখছেন। তাদের মতে, টেইলর সুইফটের নিবেদিতপ্রাণ ভক্তদের কাছে তার সঙ্গে সামান্যতম সম্পর্ক আছে- এমন যেকোনো জিনিসই সংগ্রহের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে।
নিজের ওয়েবসাইটের মাধ্যমে কাস্টম কিউবও তৈরি করেন গিগনাক। অতীতে তিনি বিয়ের শপথপত্র, আংটির বাক্স ও টেবিল নম্বর দিয়েও এমন স্মারক বানিয়েছেন। মজা করে তিনি বলেন, সুযোগ পেলে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির জন্যও একটি বিশেষ কিউব তৈরি করতে তার কোনো আপত্তি নেই।



