জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত হচ্ছেন বাংলাদেশের রাবাব ফাতিমা

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে তার বিশেষ প্রতিনিধি (এসআরএসজি) হিসেবে বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমাকে মনোনয়ন দিয়েছেন। বিষয়টি বৃহস্পতিবার (৯ জুলাই) আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম আরিয়ানা নিউজকে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, রাবাব ফাতিমার মনোনয়ন ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে। এখন নিরাপত্তা পরিষদের অনুমোদনের পরই তার নিয়োগ চূড়ান্ত হবে। অনুমোদন পেলে তিনি বিদায়ী বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন। ওতুনবায়েভার দায়িত্বের মেয়াদ গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়।

রাবাব ফাতিমা বাংলাদেশের একজন জ্যেষ্ঠ কূটনীতিক। ২০২২ সাল থেকে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর (এসআইডিএস) উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও কমনওয়েলথ সেক্রেটারিয়েটেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ কর্মজীবনে অভিবাসন, মানবাধিকার ও আন্তর্জাতিক উন্নয়ন খাতে উল্লেখযোগ্য অবদান রয়েছে।
তবে রাবাব ফাতিমার এই মনোনয়ন সম্পর্কে জাতিসংঘের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। নিরাপত্তা পরিষদের অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।



