ফ্রিদা কাহলো: নিজের ছবির নায়িকা, নিজের গল্পের কিংবদন্তি

মেক্সিকোর সেই নীল বাড়ির একটি ঘর। দুর্ঘটনায় বিধ্বস্ত এক তরুণী মাসের পর মাস শয্যাশায়ী। চারদিকে নীরবতা। সামনে শুধু একটি আয়না। সেই আয়নায় নিজের মুখের দিকে তাকাতে তাকাতেই জন্ম নেয় শিল্প ইতিহাসের অন্যতম বিস্ময়- ফ্রিদা কাহলো।
১৯০৭ সালের ৬ জুলাই জন্ম নেওয়া এই কিংবদন্তি শিল্পী মাত্র ৪৭ বছরের জীবন পেয়েছিলেন। কিন্তু অল্প এই সময়েই তিনি এমন এক শিল্পভাষা তৈরি করেন, যা আজও বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। প্রায় ২০০টি চিত্রকর্মের মধ্যে ৫৫টিই ছিল আত্মপ্রতিকৃতি। কারণ, তাঁর ভাষায়, “আমি নিজেকেই আঁকি, কারণ আমি প্রায়ই একা থাকি এবং নিজেকেই সবচেয়ে ভালো চিনি।”
এক দুর্ঘটনা, যা বদলে দিল সব
ফ্রিদার জীবনকে সবচেয়ে বেশি বদলে দেয় ১৮ বছর বয়সের ভয়াবহ বাস দুর্ঘটনা। চলন্ত বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষে তাঁর শরীর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। অসংখ্য অস্ত্রোপচার, প্লাস্টারে মোড়া শরীর আর দীর্ঘ শয্যাবাস- সব মিলিয়ে তাঁর স্বপ্নের চিকিৎসক হওয়ার পথ থেমে যায়। কিন্তু এখানেই শুরু হয় আরেকটি যাত্রা।
মা তাঁর বিছানার সঙ্গে বিশেষ ইজেল লাগিয়ে দেন, আর মাথার ওপরে বসানো হয় একটি বড় আয়না। শুয়ে শুয়েই তিনি আঁকতে শুরু করেন নিজের মুখ। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, তাঁর সবচেয়ে বড় বিষয়বস্তু আর কেউ নন- তিনি নিজেই।
ব্যথাকে বানালেন শিল্প
ফ্রিদার প্রতিটি ছবিতে যেন লুকিয়ে আছে তাঁর শরীরের ক্ষত, অপূর্ণতা, ভালোবাসা, একাকীত্ব আর বেঁচে থাকার লড়াই। যন্ত্রণাকে তিনি কখনো আড়াল করেননি; বরং ক্যানভাসে তুলে ধরেছেন নির্মম সততায়। তাঁর বিখ্যাত চিত্রকর্ম “Henry Ford Hospital”-এ উঠে এসেছে গর্ভপাতের ব্যক্তিগত বেদনা। আবার অসংখ্য আত্মপ্রতিকৃতিতে দেখা যায় ভাঙা শরীরের ভেতরেও অদম্য মানসিক শক্তি।
প্রেম, বিশ্বাসঘাতকতা আর ভাঙা হৃদয়
চিত্রশিল্পী দিয়েগো রিভেরার সঙ্গে ফ্রিদার প্রেম ছিল যেমন আলোচিত, তেমনি ছিল ঝড়ো। বয়সে বিশ বছরের বড় রিভেরাকে বিয়ে করেছিলেন পরিবারের আপত্তি উপেক্ষা করে। কিন্তু সম্পর্কের ভাঙাগড়া, বিশ্বাসঘাতকতা আর মানসিক কষ্ট তাঁকে গভীরভাবে আঘাত করে।
ফ্রিদা একবার লিখেছিলেন, “আমার জীবনে দুটি বড় দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রলি দুর্ঘটনা, অন্যটি দিয়েগো। আর এই দুটির মধ্যে দিয়েগোই সবচেয়ে ভয়ংকর।” তবু বিচ্ছেদের পর আবারও তাঁরা এক হয়েছিলেন। ভালোবাসা আর যন্ত্রণার এই টানাপোড়েনও জায়গা করে নেয় তাঁর শিল্পে।
সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নারী
ফ্রিদা শুধু একজন শিল্পী ছিলেন না, ছিলেন প্রতিবাদের মুখ। ঘন জোড়া ভ্রু, ঠোঁটের ওপরের সূক্ষ্ম গোঁফ কিংবা নিজের শারীরিক সীমাবদ্ধতা- কোনো কিছুই তিনি লুকাননি। বরং সমাজ যেগুলোকে “অসুন্দর” বলে মনে করত, সেগুলোকেই আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছেন নিজের ছবিতে। তেহুয়ানা পোশাক, আদিবাসী সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং রাজনৈতিক বিশ্বাস- সব মিলিয়ে তিনি নিজের জীবনকেই শিল্পে পরিণত করেছিলেন।
কেন আজও প্রাসঙ্গিক ফ্রিদা?
ফ্রিদা কাহলো আমাদের শেখান, শিল্প শুধু সৌন্দর্যের গল্প বলে না; শিল্প বলতে পারে ভাঙা শরীরের গল্প, অসম্পূর্ণ স্বপ্নের গল্প, কিংবা এমন এক নারীর গল্প, যিনি নিজের ব্যথাকেই শক্তিতে রূপ দিয়েছেন।
হয়তো এ কারণেই তাঁর ছবির দিকে তাকালে শুধু একজন শিল্পীকে দেখা যায় না। দেখা যায় এমন একজন মানুষকে, যিনি আয়নায় নিজের মুখ দেখেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গল্পগুলোর একটি এঁকে গেছেন।



