বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
নারী

লন্ডনে গ্লোউইমেন ফেয়ার ২০২৬: সংস্কৃতি ও নারী নেতৃত্বের মিলনমেলা

1421-1783591456

টাওয়ার হ্যামলেটস সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ উপলক্ষে গত রোববার লন্ডনের ব্র্যাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে গ্লোউইমেন ফেয়ার অ্যান্ড কালচারাল ইভেন্ট ২০২৬। গ্লোউইমেন সিআইসির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন প্রতিষ্ঠাতা ও পরিচালক স্নিগ্ধা মিষ্টি। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘গ্লো উইমেন, গো গ্লোবাল’।

নারী ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা এবং বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়। আয়োজকদের ভাষ্য, একজন আত্মবিশ্বাসী নারী শুধু নিজের জীবনই নয়, পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সেই ভাবনা থেকেই অনুষ্ঠানে নারীর অগ্রগতি, সচেতনতা ও সাংস্কৃতিক পরিচয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বটি সঞ্চালনা করেন মাহিরান জান্নাত। পরে জরায়ুমুখ ক্যানসার (সার্ভিক্যাল ক্যানসার) বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত অতিথিরা রোগ প্রতিরোধ, সচেতনতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন, যার সঞ্চালনায় ছিলেন মাহিরান নেছা জান্নাত। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের গান, কবিতা ও দর্শনভিত্তিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

Advertisements

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন মহামিতা, মোহনা, আজিজা সুমি, জিনাত শফিক, সিনথিয়া দাস, গঙ্গা রায়, সৌম্যেন অধিকারী, সাদমান, নাফিজ জয়, জীবন আহমেদ, জান্নাত এবং বন্যা তালুকদার। সমাপনী পর্বে জনপ্রিয় লোকসংগীতশিল্পী নোলক বাবু তাঁর প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন এবং অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

আয়োজকদের মতে, এ আয়োজনের লক্ষ্য ছিল প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করা, নতুন প্রজন্মের মধ্যে শিকড়ের প্রতি ভালোবাসা তৈরি করা, নারী ক্ষমতায়নের বার্তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া এবং বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের চেতনাকে আরও শক্তিশালী করা।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ইউকে। সমাপনী বক্তব্যে গ্লোউইমেন সিআইসির পক্ষ থেকে নারী ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা এবং বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Advertisements
গ্লোউইমেননারীমিলনমেলালন্ডনসংস্কৃতি