শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং তারাই আগামী দিনে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, সঠিক শিক্ষা ও সুশিক্ষার মাধ্যমে শিশুরা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হবে। তারা তাদের মেধা ও যোগ্যতার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি শিশুদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, শৈশব থেকেই এসব মূল্যবোধ গড়ে উঠলে শিশুরা ভবিষ্যতে সৎ, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।



