বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৫ জুলাই, ২০২৬
বিবিধ

একাকিত্ব দূর করতে মানবাকৃতির এআই রোবট আনল চীনা প্রতিষ্ঠান

AFP__20260630__B8RH3A8__v1__MidRes__ChinaTechnologyRobotics

একাকিত্ব দূর করার প্রতিশ্রুতি দিয়ে নতুন মানবাকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) রোবট উন্মোচন করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক। প্রতিষ্ঠানটির দাবি, ‘ইউ১’ নামের এই রোবট বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ অতিবাস্তব মানবাকৃতির রোবট, যা গণহারে উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোবটটির চোখে ক্যামেরা, বুকে সেন্সর এবং শব্দ শনাক্তের জন্য মাইক্রোফোন রয়েছে। এটি ব্যবহারকারীর সঙ্গে স্বাভাবিকভাবে কথোপকথন করতে পারে, হাত ধরতে পারে এবং দীর্ঘ সময়ের ব্যবহারে ব্যক্তিগত অভ্যাস ও পছন্দ সম্পর্কে শিখে নিয়ে সেই অনুযায়ী সাড়া দিতে সক্ষম।

A woman touches the face of a humanoid robot during the launch of the U1 humanoid robot produced by UWORLD, a brand under UBTECH Robotics, in Shenzhen, China’s Guangdong province on June 30, 2026. Silicone skin, soothing voice: Chinese company UBTech unveiled unprecedented hyper-realistic human-looking androids equipped with artificial intelligence (AI) and presented as anti-loneliness remedies. (Photo by ADEK BERRY / AFP)

দক্ষিণ চীনের প্রযুক্তিনগরী শেনঝেনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউবিটেকের ব্র্যান্ড ইউওয়ার্ল্ডের প্রধান মাইকেল ট্যাম বলেন, এই রোবট দীর্ঘদিন ব্যবহারকারীর সঙ্গী হয়ে থাকতে পারবে। তার ভাষায়, এটি সবসময় বিশ্বস্ত থাকবে এবং ব্যবহারকারীকে নিঃশর্তভাবে সমর্থন করবে।

ইউ১-এর সাধারণ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান। আর উন্নত সুবিধাসম্পন্ন ‘আলট্রা’ সংস্করণের মূল্য ৯ লাখ ৯০ হাজার ইউয়ান। অতিরিক্ত অর্থ পরিশোধ করলে রোবটের মুখাবয়ব, চুল ও পোশাক ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পরিবর্তন করা যাবে। চাইলে প্রিয়জন, জনপ্রিয় তারকা বা কল্পিত চরিত্রের আদলেও এটি তৈরি করা সম্ভব।

Advertisements
Humanoid robots are displayed during the launch of the U1 humanoid robot produced by UWORLD, a brand under UBTECH Robotics, in Shenzhen, China’s Guangdong province on June 30, 2026. Silicone skin, soothing voice: Chinese company UBTech unveiled unprecedented hyper-realistic human-looking androids equipped with artificial intelligence (AI) and presented as anti-loneliness remedies. (Photo by ADEK BERRY / AFP)

পুরুষ ও নারী—উভয় সংস্করণেই পাওয়া যাবে ইউ১। কোম্পানির দাবি, রোবটটি ব্যবহারকারীর ক্লান্তি বা মানসিক চাপ শনাক্ত করে সান্ত্বনামূলক কথোপকথন করতে পারে। পাশাপাশি সময়ের সঙ্গে ব্যবহারকারীর অভ্যাস, পছন্দ ও প্রয়োজন সম্পর্কে ধারণা তৈরি করে।

ইউবিটেক জানিয়েছে, মূলত একাকী মানুষ এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের কথা মাথায় রেখেই রোবটটি তৈরি করা হয়েছে। কোম্পানির দাবি, ইতোমধ্যে ১৩ হাজার ৩০০টির বেশি প্রি-অর্ডার পেয়েছে তারা। আগামী সেপ্টেম্বর থেকে গ্রাহকদের কাছে সরবরাহ শুরু হবে।

তবে ইউ১ গৃহস্থালির কাজ বা রান্নাবান্না করতে পারে না। এটি অন্তরঙ্গ সম্পর্কের উদ্দেশ্যেও তৈরি হয়নি। বরং ব্যবহারকারীর সঙ্গে আলাপ করা, ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দেওয়া, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করা কিংবা একসঙ্গে খেলা দেখার মতো সঙ্গীসুলভ ভূমিকা পালন করাই এর মূল উদ্দেশ্য।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রবীণদের একাকিত্ব কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। দক্ষিণ কোরিয়ার কিছু বৃদ্ধাশ্রমে ইতোমধ্যে চ্যাটজিপিটিচালিত পুতুল ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এআই ডিভাইস প্রবীণদের সঙ্গ দেওয়ার পাশাপাশি নিরাপত্তা পর্যবেক্ষণের কাজও করছে।

তবে এ ধরনের প্রযুক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও যন্ত্রের প্রতি অতিরিক্ত আবেগগত নির্ভরতার বিষয়েও উদ্বেগ রয়েছে। ইউবিটেক জানিয়েছে, ইউ১-এর মাধ্যমে সংগ্রহ করা সব তথ্য এনক্রিপ্টেড থাকবে এবং সেগুলো কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না।

চীনা সরকার রোবোটিকসকে কৌশলগত শিল্প হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে দেশটির হোটেল, শপিং মল ও কারখানাসহ বিভিন্ন খাতে মানবাকৃতির রোবট ব্যবহার বাড়ছে। তবে বিশেষজ্ঞদের মতে, বাস্তব পরিবেশে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআইচালিত রোবটের ব্যবহার এখনো সীমিত পর্যায়েই রয়েছে।

Advertisements
এআইচীনপ্রযুক্তিরোবট