বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৫ জুলাই, ২০২৬
জীবনযাপন

আপনার কাজের কৃতিত্ব নিচ্ছে অন্য কেউ? জেনে নিন করনীয়

images (2)

অফিসে কোনো গুরুত্বপূর্ণ কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিলে তা হতাশাজনক হতে পারে। তবে এমন পরিস্থিতিতে আবেগতাড়িত প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি সামাল দেওয়ার পরামর্শ দিয়েছেন কর্মক্ষেত্র–বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, কোনো সহকর্মী কাজের কৃতিত্ব নিয়ে নিলে মিটিংয়ের মাঝখানে তর্কে জড়ানো বা প্রকাশ্যে অভিযোগ না করে আগে বিষয়টি বোঝার চেষ্টা করা উচিত। এটি ইচ্ছাকৃতভাবে হয়েছে, নাকি ভুলবশত ঘটেছে, তা নিশ্চিত হওয়া জরুরি।

এ ধরনের পরিস্থিতি এড়াতে নিজের কাজের নথি সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ই-মেইল, শেয়ারড ডকুমেন্ট, মিটিং নোট কিংবা বার্তার মাধ্যমে কাজের অগ্রগতির তথ্য সংরক্ষণ করলে প্রয়োজনে নিজের অবদান সহজেই তুলে ধরা যায়। বিশেষ করে বার্ষিক মূল্যায়ন, পদোন্নতি বা নতুন দায়িত্বের ক্ষেত্রে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভালো কাজ করলেই সেটি সবার নজরে আসবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়। তাই কোনো প্রকল্প শেষ হলে নিজের দায়িত্ব ও অবদানের বিষয়টি সংক্ষেপে সংশ্লিষ্টদের জানানোও পেশাগত যোগাযোগের অংশ।

Advertisements

যদি কোনো সহকর্মী আপনার কাজের কৃতিত্ব নিয়ে থাকেন বলে মনে হয়, তাহলে সবার সামনে নয়, ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলাই ভালো। অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই অন্যের অবদান উল্লেখ করতে ভুল হয়ে যেতে পারে।

দলগত কাজের ক্ষেত্রে শুরুতেই কে কোন দায়িত্ব পালন করবেন, তা স্পষ্ট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে ভবিষ্যতে সাফল্যের কৃতিত্ব নিয়ে বিভ্রান্তি বা মতবিরোধের সম্ভাবনা কমে।

এ ছাড়া কাজের অগ্রগতি নিয়মিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানোও গুরুত্বপূর্ণ। এতে ম্যানেজার সংশ্লিষ্ট কর্মীর দায়িত্ব ও অবদান সম্পর্কে পরিষ্কার ধারণা পান এবং পরে ভুল বোঝাবুঝির সুযোগ কমে।

একই ধরনের ঘটনা বারবার ঘটছে কি না, সেটিও পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। যদি নিয়মিতভাবে কোনো ব্যক্তি অন্যের কাজের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেন, তাহলে বিষয়টি আচরণগত সমস্যা হিসেবে বিবেচনা করা উচিত। সেক্ষেত্রে প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা করে সমাধান না হলে ঊর্ধ্বতন কর্মকর্তা বা মানবসম্পদ বিভাগের সহায়তা নেওয়া যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কর্মক্ষেত্রে বিভিন্ন টিম ও সহকর্মীর সঙ্গে পেশাগত যোগাযোগ গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। এতে নিজের কাজের দৃশ্যমানতা বাড়ে এবং অবদান নিয়ে বিভ্রান্তির সুযোগ কমে।

তবে প্রতিটি ঘটনা নিয়ে সংঘাতে জড়ানোর প্রয়োজন নেই বলেও মনে করেন তারা। যদি ঘটনাটি বিচ্ছিন্ন হয় এবং সামগ্রিকভাবে কাজের স্বীকৃতি পাওয়া যায়, তাহলে বিষয়টি এড়িয়ে যাওয়াই অনেক সময় ভালো সিদ্ধান্ত হতে পারে। আর ধারাবাহিকভাবে একই সমস্যা চলতে থাকলে আবেগ নয়, তথ্য-প্রমাণের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Advertisements
অফিসকাজের কৃতিত্ব