বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৪ জুলাই, ২০২৬
বিনোদন

বলিউডে নারী তারকাদের এখনো কম গুরুত্ব দেওয়া হয়: কৃতি শ্যানন

Kriti-Sanon-1024×683

বলিউডে নারী-পুরুষ বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি বলে মন্তব্য করেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। তার দাবি, চলচ্চিত্রের সেটে নারী অভিনয়শিল্পীদের অনেক সময় পুরুষ সহশিল্পীদের তুলনায় কম গুরুত্ব দেওয়া হয়। একই আচরণ করলেও পুরুষ ও নারীর ক্ষেত্রে ভিন্নভাবে মূল্যায়ন করা হয় বলেও অভিযোগ তার।

সম্প্রতি ইউটিউবার ও উপস্থাপক লিলি সিংয়ের সঙ্গে এক আলাপচারিতায় কৃতি বলেন, মডেলিং, প্রকৌশল এবং অভিনয়—তিনটি ক্ষেত্রেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে সবচেয়ে বেশি বৈষম্যের মুখোমুখি হয়েছেন বলিউডে।

কৃতির ভাষায়, ক্যারিয়ারের শুরুর দিকে নারী অভিনয়শিল্পীদের জন্য সুযোগ ছিল অনেক কম। সে সময় অধিকাংশ ছবিই নায়ককেন্দ্রিক হওয়ায় নায়িকাদের চরিত্র সীমাবদ্ধ থাকত প্রেমিকার ভূমিকায়। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে, নারীদের জন্য শক্তিশালী ও বৈচিত্র্যময় চরিত্র লেখা হচ্ছে। তবুও বৈষম্য পুরোপুরি দূর হয়নি।

তিনি জানান, চরিত্র বা দৃশ্য নিয়ে প্রশ্ন করতে তিনি সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু একজন নারী অভিনয়শিল্পী প্রশ্ন তুললে তাকে অনেক সময় ‘অতিরিক্ত প্রশ্নকারী’ বা ‘বিরক্তিকর’ হিসেবে দেখা হয়। অথচ একই বিষয় নিয়ে কোনো পুরুষ অভিনেতা কথা বললে তাকে নিজের কাজের প্রতি মনোযোগী হিসেবে প্রশংসা করা হয়।

Advertisements

কৃতি বলেন, তার সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। তিনি কোনো বিষয় বিশ্লেষণ করে প্রশ্ন করলে তাকে বলা হয়েছে, ‘এত বিশ্লেষণ কোরো না।’ কিন্তু একই ধরনের প্রশ্ন কোনো পুরুষ অভিনেতা করলে সেটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।

চলচ্চিত্রের সেটে দৈনন্দিন ব্যবস্থাপনাতেও বৈষম্যের অভিযোগ তুলেছেন কৃতি। তার দাবি, অনেক সময় পুরুষ তারকাদের জন্য উন্নত কক্ষ বা ভালো গাড়ির ব্যবস্থা করা হয়। তবে তার আপত্তি সুবিধা নিয়ে নয়, বরং নারী অভিনয়শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে।

তার ভাষায়, ছোট ঘর বা ছোট গাড়ি পেলেও তার আপত্তি নেই। কিন্তু তাকে যেন কম গুরুত্বপূর্ণ মনে না করা হয়। অনেক সময় সহকারী পরিচালকেরা নায়িকাদেরই আগে সেটে ডেকে নেন, কারণ পুরুষ তারকাদের তুলনায় নারী অভিনয়শিল্পীদের ক্ষেত্রে তারা কম সতর্ক থাকেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে কৃতি শ্যানন অভিনীত ‘ককটেল ২’। হোমি আদাজানিয়া পরিচালিত এই রোমান্টিক কমেডিতে তার সঙ্গে অভিনয় করেছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা। ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বিশ্বব্যাপী প্রায় ১৩৭ কোটি রুপি আয় করেছে। বর্তমানে নতুন কোনো ছবির ঘোষণা দেননি কৃতি।

Advertisements
অভিনেত্রীবলিউড