এম্পায়ার স্টেটের চূড়ায় প্রেম নিবেদন, আদালতে হাজিরা

বিশ্বজুড়ে আলোচিত সেই দুঃসাহসিক ঘটনার পর অবশেষে আদালতে হাজির হয়েছেন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বাগদান করা দম্পতি। বৃহস্পতিবার (২ জুলাই) সংক্ষিপ্ত শুনানি শেষে তাদের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে বেপরোয়াভাবে বিপদ সৃষ্টি, চুরি, অপরাধমূলক ক্ষতিসাধনসহ একাধিক অভিযোগ গঠন করা হয়েছে।

৩২ বছর বয়সী ইভান কুজনেতসভ ও ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলিনা নিকোলাউ বর্তমানে যুক্তরাষ্ট্রের ইস্ট অরেঞ্জে বসবাস করছেন। বুধবার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সম্প্রচার অ্যান্টেনার কাছে উঠে সবার সামনে বাগদানের মুহূর্ত তৈরি করে তারা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেন। তবে সেই রোমান্টিক মুহূর্তের পরই তাদের গ্রেপ্তার করা হয়। প্রথম রাত তারা আলাদা হাজতখানায় কাটানোর পর বৃহস্পতিবার আদালতে হাজির হন।
আদালতে তারা কোনো অভিযোগ স্বীকার বা অস্বীকার করেননি। আগামী ২৪ আগস্ট মামলার পরবর্তী শুনানি পর্যন্ত তাদের তত্ত্বাবধানে মুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দম্পতির আইনজীবী জেসন ক্রিনস্কি দাবি করেন, এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষের কর্মকর্তারাও স্বীকার করেছেন যে ভবনের ভেতরে থাকা দর্শনার্থী বা অন্য কারও জন্য কোনো ঝুঁকি তৈরি হয়নি। তার ভাষায়, ‘এটি ছিল ভালোবাসার একটি বার্তা, একটি সুন্দর মুহূর্ত।’
তবে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) বলছে, দম্পতিকে নিরাপদে নামিয়ে আনতে গিয়ে কর্মকর্তাদের নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, উদ্ধার অভিযানের বডি-ক্যাম ভিডিও দেখলেই পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়।

ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, ১০৪তম তলার একটি নিরাপত্তা দরজার তালা ভেঙে তারা ভবনের সম্প্রচার অ্যান্টেনার কাছে পৌঁছান, যা মাটি থেকে প্রায় ১ হাজার ৩০০ ফুট উঁচুতে অবস্থিত। তদন্তকারীদের ধারণা, তারা আগের রাতেই ভবনে প্রবেশ করে সারারাত লুকিয়ে ছিলেন। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে বুধবার ভোরে ১০২তম তলার একটি হ্যাচ দিয়ে তাদের প্রবেশ করতে দেখা গেছে। তদন্তে আরও জানা গেছে, ওপরে ওঠার জন্য তারা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করেছিলেন।
আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা নিউইয়র্কেই বিয়ে করবেন কি না জানতে চাইলে অ্যাঞ্জেলিনা নিকোলাউ বলেন, ‘আমি তাই আশা করি।’
তবে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলাউয়ের বাবা, যিনি একজন রুশ সার্কাস শিল্পী, দাবি করেন এই দম্পতি ইতিমধ্যেই বিবাহিত এবং পুরো ঘটনাটি ছিল একটি পারফরম্যান্সের অংশ।
কুজনেতসভ, যিনি ‘বিয়ারকাস’ নামেও পরিচিত, এবং নিকোলাউ বিশ্বের বিভিন্ন উঁচু স্থাপনায় দুঃসাহসিক আরোহণের জন্য পরিচিত। তাদের জীবন নিয়ে নির্মিত ২০২৪ সালের তথ্যচিত্র ‘স্কাইওয়াকার্স : এ লাভ স্টোরি’ বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।
এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় ওঠার সময় তারা একটি ব্যানারও প্রদর্শন করেন। সেখানে লেখা ছিল, “যখন ক্ষমতার লোভকে ভালোবাসার শক্তি পরাজিত করে, তখন বিশ্ব শান্তি লাভ করে।” এরপরই কুজনেতসভ নিকোলাউকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন।
এদিকে এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পুরো ঘটনায় ভবনের বাসিন্দা, দর্শনার্থী কিংবা অবজারভেশন ডেকে থাকা অতিথিদের কোনো ঝুঁকি তৈরি হয়নি। একই সঙ্গে তারা উল্লেখ করেছে, ভবনটির অবজারভেশন ডেকেই নিরাপদ ও বৈধভাবে স্মরণীয় বিয়ের প্রস্তাব দেওয়ার সুযোগ রয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ঘটনাটি আকস্মিক ছিল না; বরং দীর্ঘ পরিকল্পনা ও পূর্বপর্যবেক্ষণের ফল। কীভাবে তারা ভবনের সর্বোচ্চ অংশে পৌঁছাতে সক্ষম হলেন, তা নিয়ে তদন্ত এখনও চলছে।



