মা–বাবার ছুটি বাড়িয়ে জন্মহার বাড়াতে চায় ফ্রান্স সরকার

ফ্রান্সে জন্মহার বৃদ্ধি করার উদ্দেশ্যে মা ও বাবার জন্য নতুন বেতনসহ বাড়তি ছুটির ব্যবস্থা চালু করা হয়েছে। গত বুধবার থেকে কার্যকর হওয়া এই নীতির মাধ্যমে সন্তানের জন্মের পর অভিভাবকরা অতিরিক্ত এক থেকে দুই মাসের ছুটি ভাগ করে নিতে পারবেন।

নতুন নিয়ম অনুযায়ী, এই অতিরিক্ত ছুটির প্রথম মাসে কর্মীরা বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ পাবেন। এই সুবিধা মা ও বাবা উভয়ের জন্যই প্রযোজ্য হবে এবং তারা নিজেদের মধ্যে ছুটির সময় ভাগ করে নিতে পারবেন।
আগে ফ্রান্সে মায়েরা প্রথম সন্তানের ক্ষেত্রে প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন, আর বাবাদের জন্য ছিল ২৮ দিনের পিতৃত্বকালীন ছুটি। নতুন ব্যবস্থায় সেই বিদ্যমান ছুটির সঙ্গে অতিরিক্ত সময় যুক্ত করা হয়েছে।
এই নীতি ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পাশাপাশি দত্তক নেওয়া অভিভাবকরাও এই সুবিধার আওতায় আসবেন।
ইউরোপজুড়ে দীর্ঘদিন ধরেই জন্মহার কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা বিভিন্ন দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির প্রতিক্রিয়াতেই ফ্রান্স সরকার পরিবারবান্ধব এই নতুন উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এর আগেও জন্মহার বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
তবে এ উদ্যোগ নিয়ে সমালোচনাও রয়েছে। ফ্রান্সের কিছু নারীবাদী সংগঠন মনে করছে, এই সংস্কার যথেষ্ট নয় এবং এটি লিঙ্গসমতা নিশ্চিত করতে পুরোপুরি কার্যকর হবে না। তাদের মতে, বাস্তবে তুলনামূলক কম আয়ের অভিভাবক—যাদের মধ্যে বেশিরভাগই নারী—এই বাড়তি ছুটি বেশি নেবেন, ফলে কাঙ্ক্ষিত পরিবর্তন নাও আসতে পারে।



