স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে শিক্ষকদের চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে চাকরিরত শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো শিক্ষক নির্বাচনে অংশ নিতে চাইলে আগে চাকরি থেকে ইস্তফা দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সরকার বিনিয়োগ করছে। সেই বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব পালনে মনোযোগী থাকতে হবে। আগামীর বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি দাতা দেশগুলোর প্রতি বাংলাদেশের শিক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রাপ্ত অর্থায়ন যেন স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে যথাযথভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা জানান, শিক্ষা ব্যবস্থায় অর্থবহ পরিবর্তন আনতে এবং শিক্ষকদের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউনেস্কো ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছর গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই)-এর আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করা হয়েছে।



