মেসির জন্মদিনে চিঠি, পুরস্কার হিসেবে মিলল বিশ্বকাপ দেখার সুযোগ

মাত্র আট বছর বয়সেই ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে আর্জেন্টিনার শিশু মানু লিতভি। লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে লেখা একটি আবেগঘন চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্র যাওয়ার আমন্ত্রণ পেয়েছে সে।
আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের বয়সভিত্তিক দলের খেলোয়াড় মানু। দেশটির সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, মেসির একটি বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠান তার ও পরিবারের জন্য এই বিশেষ সফরের ব্যবস্থা করেছে।
ঘটনার সূত্রপাত জনপ্রিয় ইউটিউব ও টুইচ চ্যানেল ‘ওলগা’র ‘সেরিয়া ইনক্রেইবল’ অনুষ্ঠানে। সেখানে মেসির উদ্দেশে নিজের লেখা চিঠি পড়ে শোনায় মানু। চিঠিতে সে জানায়, শুধু মেসির ফুটবল নয়, তার ব্যক্তিত্ব, সতীর্থদের প্রতি সহায়তামূলক মনোভাব এবং প্রতিকূল পরিস্থিতিতেও হাল না ছাড়ার মানসিকতা তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।
মানুর আন্তরিক কথাগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেললে মেসির স্পনসর প্রতিষ্ঠানের নজরে আসে বিষয়টি। পরে অনুষ্ঠানের উপস্থাপক পলা চাভেস একটি নতুন চিঠি পড়ে শোনান, যেখানে মানু ও তার পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখার আমন্ত্রণ জানানো হয়।
এই আমন্ত্রণের ফলে বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করার সুযোগ পাবে মানু।
অনুষ্ঠানে নিজের স্বপ্নের কথাও জানায় ছোট্ট এই ফুটবলার। সে বলে, আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে খেললেও একদিন পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্য নিয়েই প্রতিদিন অনুশীলন করে এবং সেই স্বপ্ন পূরণের জন্য প্রার্থনা করে।
মানুর বিশ্বাস, মেসিই প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব মনে হওয়া স্বপ্নও বাস্তবে রূপ নিতে পারে। সেই বিশ্বাস থেকেই লেখা একটি চিঠি শেষ পর্যন্ত তাকে এনে দিয়েছে জীবনের অন্যতম বড় অভিজ্ঞতার সুযোগ।



