বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
বিবিধ

ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

images (1)

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন জর্ডানের একটি উদ্ধারকারী দল। শিশুটির নাম ক্লিয়েবার মোরান। তাকে লা গুয়াইরা অঙ্গরাজ্যের একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, শিশুটিকে নিরাপদে বের করে আনার পর উদ্ধারকারীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ ঘটনাকে দুর্যোগের মধ্যেও আশার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

জর্ডানের সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধারকৃত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জে রদ্রিগেজ জানান, রাজধানী কারাকাসে তার চিকিৎসা চলছে।

গত সপ্তাহে ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৯৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এছাড়া কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

Advertisements

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রাথমিক স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলে খাদ্যসংকট তীব্র আকার ধারণ করেছে। মৌলিক সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পর্যাপ্ত ত্রাণ না পৌঁছানোয় স্থানীয়দের মধ্যে উত্তেজনাও বাড়ছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ছয় মাসে ক্ষতিগ্রস্ত অন্তত ৩০ হাজার মানুষের জন্য জরুরি আশ্রয়, সুরক্ষা ও ত্রাণ সহায়তা নিশ্চিত করতে প্রাথমিকভাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রয়োজন।

এদিকে, আন্তর্জাতিক সহায়তা ভেনেজুয়েলায় পৌঁছাতে শুরু করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৪৭ টন মানবিক ত্রাণসামগ্রী দেশটিতে পৌঁছেছে। এতে জরুরি চিকিৎসাসামগ্রী, নিরাপদ প্রসবের উপকরণ, নবজাতকের পরিচর্যার সরঞ্জাম এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।

উদ্ধার হওয়া শিশুটির ঘটনাকে সামনে রেখে কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো জীবিত মানুষ থাকার সম্ভাবনা রয়েছে। তাই দেশি-বিদেশি উদ্ধারকারী দলগুলো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

Advertisements
ধ্বংসস্তূপভূমিকম্পশিশু