জুলাইয়ে ভারী বৃষ্টির আভাস, তিন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হলেও চলতি জুলাই মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১ জুলাই) আধুনিক আবহাওয়া প্রযুক্তি, বায়ুমণ্ডলীয় তথ্য, আবহাওয়া মানচিত্র ও জলবায়ু মডেলের বিশ্লেষণের ভিত্তিতে আগামী তিন মাসের পূর্বাভাস প্রকাশ করে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে দেশের অধিকাংশ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এ বিভাগে প্রায় ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সবচেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে, যেখানে প্রায় ৩১১ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমি ভারী বর্ষণের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পেতে পারে। এর ফলে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ ছাড়া আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। একই সময়ে দেশে ১০ থেকে ১৫ দিন বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
গত জুন মাসে দেশের সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়। একই মাসের ৪ জুন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ জুন নরসিংদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
পরিবর্তনশীল আবহাওয়ার প্রেক্ষাপটে জুলাইজুড়ে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় ও আকস্মিক বন্যার সম্ভাবনার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



