গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয় সে।
নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা। তার বাবা মো. রুবেল একজন ব্যাংক কর্মকর্তা। শিশুটির নানা মোস্তফা আহমেদ আড়াইআনী বাজার এলাকার বাসিন্দা এবং মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা। দুপুরের দিকে স্কুল প্রাঙ্গণে তাকে বাদাম খেতে দেওয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে গেলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সে ছটফট করতে থাকে।
পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে বাদাম আটকে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে।



