বাজেট নিয়ে শিক্ষার্থীদের কেন ভাবা জরুরি?

বাজেট শুধু সরকারের আয়-ব্যয়ের হিসাব নয়, বরং একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রাধিকারের প্রতিফলন। তাই বাজেট সম্পর্কে শিক্ষার্থীদেরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) রিসার্চ ফেলো মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
তার মতে, অনেক শিক্ষার্থী মনে করেন বাজেট কেবল ব্যবসায়ী, করদাতা বা অর্থনীতিবিদদের বিষয়। কিন্তু বাস্তবে বাজেটের মাধ্যমে সরকার কোন খাতে বিনিয়োগ করবে, কোথায় ব্যয় কমাবে এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা কী হবে, তা নির্ধারিত হয়। ফলে আজকের শিক্ষার্থীদের জন্যও বাজেট বোঝা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাজেট বিশ্লেষণ করলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো খাতে সরকারের অগ্রাধিকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পরিসংখ্যান নয়, রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনাও বুঝতে পারেন এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারেন।
তিনি আরও উল্লেখ করেন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য বাজেট বাস্তব জীবনে শেখা তত্ত্বের প্রয়োগ বোঝার সুযোগ তৈরি করে। কর ব্যবস্থা, সরকারি ব্যয়, ঋণ গ্রহণ ও উন্নয়ন ব্যয়ের মতো বিষয়গুলো বাজেটের মাধ্যমেই বাস্তবভাবে বিশ্লেষণ করা সম্ভব।
তার মতে, বাজেটের আকার বড় হলেই তা কার্যকর হবে, এমন নয়। বরং অর্থ কোথায় ব্যয় হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন খাতে বিনিয়োগ দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করে। অন্যদিকে অকার্যকর প্রকল্পে অতিরিক্ত ব্যয় ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের চাপ বাড়াতে পারে।
শিক্ষা খাতের বাজেট নিয়েও গুরুত্বারোপ করেছেন তিনি। তার ভাষ্য, শুধু বরাদ্দের পরিমাণ নয়, সেই অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, সেটিও বিবেচ্য। দেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের বাস্তবতায় দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি শিক্ষায় বিনিয়োগ বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।
এ ছাড়া বাজেট ভবিষ্যতের কর্মসংস্থানের সম্ভাবনাও তুলে ধরে বলে উল্লেখ করেন লেখক। সরকার যদি তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, উৎপাদনশিল্প বা রপ্তানিমুখী খাতে বিশেষ প্রণোদনা দেয়, তাহলে এসব খাতে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। সে অনুযায়ী শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও ক্যারিয়ার পরিকল্পনা সাজাতে পারবেন।
লেখকের মতে, বাজেটকে শুধু সংসদে উপস্থাপিত একটি বার্ষিক দলিল হিসেবে না দেখে রাষ্ট্রের উন্নয়ন-দর্শন ও ভবিষ্যৎ অর্থনৈতিক গতিপথ বোঝার গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচনা করা উচিত। তাই বাজেট নিয়ে আলোচনা, প্রশ্ন এবং গঠনমূলক সমালোচনায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।



