৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
বিবিধ

কুমিল্লায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তরুণী আটক

Stabbed

কুমিল্লার চৌদ্দগ্রামে গর্ভের সন্তান নষ্ট এবং বিয়ে করতে অস্বীকৃতি জানানোর জেরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইয়েদ আবদুল্লাহ ওরফে সিয়াম (২২) ওই গ্রামের এনামুল হকের ছেলে। আটক নাইমা জাহানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। এ ঘটনায় সিয়ামের বন্ধু আরিয়ান খান (মাহিদ)কেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশের উপস্থিতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলে নাইমা দাবি করেন, মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে সিয়ামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা হন। তার অভিযোগ, সিয়াম গর্ভের সন্তান নষ্ট করান এবং পরে বিয়ের কথা বললে নানা অজুহাতে এড়িয়ে যেতে থাকেন।

নাইমার ভাষ্য অনুযায়ী, সিয়ামের অনুরোধে ২০ হাজার টাকা নিয়ে রোববার রাতে তিনি লক্ষ্মীপুরে যান। সেখানে সিয়াম ও তার বন্ধু আরিয়ান ছাড়া আর কেউ ছিলেন না। সোমবার ভোরে সিয়াম তাকে বাসা থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে তিনি সিয়ামের পেটে আঘাত করেন বলে স্বীকার করেন।

সিয়ামের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Advertisements
Advertisements