ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের

ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভোলার মনপুরা উপজেলার বাসিন্দা মনোয়ারা বেগম (৪৫)। রোববার রাত আটটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের হালট এলাকার ভাঙাচোরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা ছোট মেয়েও আহত হয়।
নিহত মনোয়ারা বেগম হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের দাসেরহাট এলাকার বাসিন্দা এবং মো. সিরাজুল ইসলামের স্ত্রী। সোমবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ছেলের বিয়ের জন্য সম্ভাব্য পাত্রী দেখতে রোববার সন্ধ্যায় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে উত্তর সাকুচিয়া ইউনিয়নের উদ্দেশে রওনা দেন মনোয়ারা বেগম। মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন ছোট মেয়ে। পথে হালট এলাকার ভাঙাচোরা সড়কে মোটরসাইকেলটি হঠাৎ ঝাঁকুনি দিলে পেছনে বসা মনোয়ারা বেগম ভারসাম্য হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় তার মেয়েও আহত হয়।
স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত মা-মেয়েকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মনজিল মোরশেদ জানান, হাসপাতালে আনার আগেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়েছিল।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
ছেলের নতুন জীবনের স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হওয়া এক মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



