ভাইরাল হতে গিয়ে বাড়িতেই ডাকলেন চোর! কারণ জানলে অবাক হবেন

ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নগদ অর্থ ও স্বর্ণালংকার প্রদর্শন করে আলোচনায় এসেছিলেন ভারতীয় ইনফ্লুয়েন্সার রচনা গুরজার। কিন্তু সেই বিলাসী জীবনযাপনের প্রদর্শনই শেষ পর্যন্ত তার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। গভীর রাতে তার বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণ-রূপার গহনা এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভারতের মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। রচনার ভাষ্য, গভীর রাতে তিনি ও পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির চারপাশের বেড়া কেটে ভেতরে ঢোকে। এরপর তারা শোবার ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়, যাতে কেউ বের হতে না পারে।
ভোরের দিকে ঘুম ভাঙার পর দরজা খুলতে না পেরে রচনা ও তার স্বামী প্রতিবেশীদের ফোন করেন। পরে তাদের সহায়তায় বাইরে এসে দেখেন পুরো ঘর তছনছ। আলমারি ভেঙে স্বর্ণ ও রূপার গহনা, নগদ অর্থ এবং এমনকি একটি কার্টন এনার্জি ড্রিংকও নিয়ে গেছে চোরেরা। রচনা জানান, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৮ থেকে ১০ লাখ রুপি। তার দাবি, নিজেদের পরিচয় গোপন রাখতে দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরার অবস্থানও পরিবর্তন করে দেয়, যাতে তাদের মুখ স্পষ্টভাবে ধরা না পড়ে।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রচনার পোস্ট করা ভিডিওই ডাকাতদের লক্ষ্য ঠিক করতে সাহায্য করেছে। ওই ভিডিওতে তিনি ঘরের ভেতর রাখা বিপুল পরিমাণ নগদ টাকা ও গহনা অনুসারীদের সামনে প্রদর্শন করেছিলেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মুখোশধারী দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সম্পদ প্রকাশ্যে প্রদর্শনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা তৈরি করেছে।



