বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৭ জুন, ২০২৬
বিবিধ

সন্তানকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

সন্তানকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

পরপর আঘাত হানা ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। ৯২০ জনের প্রাণহানির খবর মিলেছে। আহতাবস্থায় আছে তিন হাজারেরও বেশি বাসিন্দা। খোঁজ মিলছে না ৫০ হাজারেরও বেশি মানুষের। ধ্বংসস্তূপে প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন স্বজনেরা। শক্তিশালী এই ভূমিকম্পে নিজের ছোট্ট মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওই নিহত নারী দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী। ওই ফুটবলার এবং স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

স্ত্রী ‘আন্দ্রেয়া’-এর কথা তুলে ধরে ইনস্টাগ্রামে আবেগাপ্লুত হয়ে হেক্টর বেলো জানিয়েছেন, তার স্ত্রী নিজের জীবন দিয়ে তাদের শিশুসন্তানকে বাঁচিয়েছেন।

তিনি লেখেন, ‘আমি আমাদের মেয়েকে একদিন বলব কীভাবে তুমি তাকে বাঁচিয়েছিলে। কীভাবে নিজের জীবন দিয়ে তাকে আগলে রেখেছিলে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তাকে ছাড়নি।’

রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২০ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হন। নিখোঁজ রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চলছে।

বেলো আরও জানান, তিনি কারাকাসে গিয়ে হাসপাতালে ভর্তি থাকা তার মেয়ের সঙ্গে দেখা করেছেন। এক পোস্টে তিনি লেখেন, ‘আমার মেয়ে ও তার খালা ভালো আছে। আজ তাদের হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। এই অসহনীয় সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

আরেকটি পোস্টে তিনি বলেন, ‘আমি কীভাবে মেয়েকে বোঝাব যে তাকে বাঁচাতে গিয়ে তার মা নিজের জীবন দিয়েছে? আর আমি সেখানে কিছুই করতে পারিনি। আমাকে শক্তি দাও।’

স্থানীয় ফুটবলভিত্তিক সংগঠন কুমানা দে কাম্পেওনেসও আন্দ্রেয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা জানায়, ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ফুটবলার হেক্টর বেলোর সঙ্গীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের কন্যা শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও একই তথ্য প্রকাশ করেছে।

ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন (এফভিএফ) জানায়, ভূমিকম্পে দুই ফুটবলারও মারা গেছেন।

কারাকাস ফুটবল ক্লাব জানায়, তাদের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে নিহত হয়েছেন। ক্লাবটি বলেছে, তার হাসি, নিষ্ঠা ও বন্ধুত্ব আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

ফুটবলারের স্ত্রীভূমিকম্পভেনেজুয়েলাশিশুকন্যা