৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

‘সুপারম্যান’-এর পর এবার এককভাবে সুপারগার্লের লড়াই

supergirl

বড় পর্দায় প্রথমবারের মতো সুপারগার্লকে দেখা গিয়েছিল ১৯৮৪ সালে। অটো বাইন্ডার ও আল প্লাস্টিনোর সৃষ্ট এই জনপ্রিয় চরিত্রকে নিয়ে নির্মিত ‘সুপারগার্ল’ ছিল ‘সুপারম্যান’ চলচ্চিত্র সিরিজের একটি স্পিন-অফ। তবে মুক্তির পর প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। বক্স অফিসে ব্যর্থ হওয়ার পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।

সে সময়ের সেই ব্যর্থতা নারী সুপারহিরোকেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণে দীর্ঘদিনের অনিশ্চয়তা তৈরি করেছিল। কিন্তু চার দশকেরও বেশি সময় পর পরিস্থিতি বদলেছে। নতুন প্রজন্মের দর্শকদের সামনে আবারও ফিরতে যাচ্ছে জনপ্রিয় এই সুপারহিরো। নতুন আঙ্গিকে পর্দায় আসছে ‘সুপারগার্ল’, যা চরিত্রটির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

আগামীকাল ২৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি ইউনিভার্সের সিনেমা। এর জন্য বাংলাদেশের দর্শকদেরও অপেক্ষা করতে হবে না। একই দিনে এটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে।

ক্রেইগ গিলেস্পি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মিলি অ্যালকক, ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট, জেসন মোমোয়া প্রমুখ।

২০২৫ সালে জেমস গানের ‘সুপারম্যান’ সিনেমায় সুপারগার্ল চরিত্রটিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল। ওইটুকু সময়েই দর্শকের মনে দাগ কাটে চরিত্রটি। এবার সেই সুপারগার্ল হিসেবে পর্দায় আসছেন মিলি অ্যালকক।

তিনি এর আগে ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে কিশোরী ‘টারগারিয়েন’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। তবে এবার পরিচালনার দায়িত্বে নেই জেমস গান। ক্যামেরার পেছনে আছেন ক্রেইগ গিলেস্পি। এর আগে ‘আই, টনিয়া’ ও ‘ক্রুয়েলা’র মতো আলোচিত সিনেমা বানিয়েছেন তিনি।

Advertisements
Advertisements