১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

তারকার মেয়ে হতে পেরে গর্বিত অনন্যা, নেপোটিজম বিতর্কে যা বললেন

ananya-panday-20261117164021

বলিউডে নেপোটিজম বা স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে হওয়ায় এ বিতর্কের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। তবে বাবার পরিচয় আড়াল করতে চান না তিনি। বরং তারকা অভিনেতার মেয়ে হতে পেরে গর্বিত অনন্যা। নিজের স্বপ্নের জীবন যাপন করতে পারার জন্য প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অভিনেত্রী।

সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২৪তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন অনন্যা। এ সময় জেন জি প্রজন্মকে ঘিরে প্রচলিত বিভিন্ন ধারণা নিয়েও কথা বলেন তিনি। এই প্রজন্মকে অলস, অতিরিক্ত অধিকারসচেতন ও পরিশ্রমবিমুখ মনে করার ধারণার সঙ্গে একমত নন অভিনেত্রী।

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার। এরপর থেকেই অভিনয়জীবনে নেপোটিজম বিতর্কের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে পারিবারিক পরিচয় অস্বীকার করার কোনো প্রয়োজন দেখেন না তিনি।

এ প্রসঙ্গে অনন্যা বলেন, ‘আমার মনে হয়, বিষয়টি স্বীকার না করার কোনো অর্থ নেই। আমি আমার বাবার মেয়ে হতে পেরে খুব গর্বিত। চাঙ্কি পাণ্ডের সঙ্গে আমার পরিচয় কখনোই অস্বীকার করতে চাই না। তাই এই সম্পর্কের সঙ্গে কোনো নেতিবাচক অর্থ জুড়ে দিতে চাই না।’

আলোচনায় নিজের প্রজন্মের সাফল্যের ধারণা নিয়েও কথা বলেন অভিনেত্রী। তার মতে, আগের প্রজন্মের কাছে সাফল্যের একটি নির্দিষ্ট সংজ্ঞা ছিল। সেই সাফল্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট পথ অনুসরণ করতে হতো। তবে জেন জি প্রজন্মের কাছে সাফল্যের সংজ্ঞা ও তা অর্জনের পদ্ধতি ভিন্ন।

অনন্যার ভাষ্য, তিনি ব্যস্ত ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও ভালো থাকতে পারেন। যত বেশি সময় সম্ভব কাজ করতে পছন্দ করেন। তবে তার প্রজন্মের অন্য কেউ হয়তো তুলনামূলক কম পরিশ্রম করেও নিজের মতো করে সফল হচ্ছেন। প্রত্যেকের সাফল্য অর্জনের পথ আলাদা বলেই মনে করেন তিনি।

Advertisements
Advertisements