বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
বিবিধ

সংসদে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘আয়নাঘরে’ নেওয়ার দাবি

IMG_1772

জাতীয় সংসদে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ‘আয়নাঘরে’ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। দিনটি ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।

রেহানা আক্তার বলেন, তিনি সম্প্রতি একটি ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন, যেখানে অতীতে বিরোধী দলের সদস্যদের ওপর নির্যাতন চালানো হতো। তার ভাষ্য অনুযায়ী, সেখানে ইলেকট্রিক শক দেওয়া হতো। তিনি দাবি করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই একই ধরনের শাস্তি দেওয়া উচিত।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মত দমনে গোয়েন্দা সংস্থার কিছু গোপন স্থাপনা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পায়। এসব স্থানে আটক রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতা পরিবর্তনের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকার এসব স্থাপনা বন্ধ করার কথা জানায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে চলে যান। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি।

সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি জামায়াতে ইসলামীর নতুন আন্দোলনের আহ্বানের প্রেক্ষিতে তিনি সবাইকে সরকারের প্রতি আস্থা রাখারও কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পরিবারগুলো বিচারহীনতায় ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না, আর গ্রেপ্তার হলেও আদালত থেকে জামিন পেয়ে যাচ্ছে। তারা কেবল তাদের সন্তান হত্যার বিচার চায়।

এছাড়া দেশের কিছু ব্যাংকের মালিকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তাদের বিদেশে বিলাসী জীবনযাপনের সমালোচনা করেন রেহানা আক্তার। তিনি দাবি জানান, এসব ব্যক্তির সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হোক।

শেখ হাসিনাসংসদ