বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জীবনযাপন

ভালো ঘুমিয়েও কেন অসন্তুষ্ট নারীরা?

sleeptransitions-crkristinaarmitage-lede

নারীরা সাধারণত পুরুষদের তুলনায় ভালো ও বেশি সময় ঘুমালেও নিজেদের ঘুমের মান নিয়ে বেশি অভিযোগ করেন—সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকদের পরিচালিত এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক সাময়িকী স্লিপ অ্যাডভান্স-এ।

গবেষণায় প্রায় ৫০০ জন অংশগ্রহণকারীর ঘুমের সময় মস্তিষ্কের কার্যকলাপ, শ্বাস-প্রশ্বাস এবং শরীরের নড়াচড়াসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়। পরে তাদের কাছে নিজেদের ঘুমের মান সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়। এতে দেখা যায়, নারীরা নিজেদের ঘুমকে পুরুষদের তুলনায় বেশি খারাপ বলে মূল্যায়ন করেছেন। অথচ বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বাস্তবে তাদের ঘুমের মান তুলনামূলকভাবে ভালো ছিল।

গবেষণার অন্যতম গবেষক অধ্যাপক টরবইয়র্ন ওকেরস্টেডের মতে, এটি এক ধরনের বৈপরীত্য। তিনি বলেন, অনেক পুরুষ রাতের মধ্যে অল্প সময়ের জন্য জেগে উঠলেও তা মনে রাখতে পারেন না। ফলে তারা নিজেদের ঘুমকে প্রকৃত অবস্থার চেয়ে বেশি ভালো বলে মনে করেন।

গবেষণায় আরও দেখা গেছে, নারীরা রাতে কতবার ঘুম ভেঙেছে সে বিষয়ে তুলনামূলকভাবে বেশি সঠিক তথ্য দিতে সক্ষম হয়েছেন। অন্যদিকে পুরুষেরা সাধারণত জেগে ওঠার সংখ্যা কম করে অনুমান করেছেন। এমনকি স্বল্প সময়ের জন্য জেগে উঠলেও তারা নিজেদের ঘুমকে সন্তোষজনক বলে মনে করেছেন। তবে নারীরা ঘুমের ব্যাঘাত কম হলেও ঘুমের মান নিয়ে বেশি নেতিবাচক মত প্রকাশ করেছেন।

গবেষকদের মতে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নারী ও পুরুষের ঘুমের মধ্যে পার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে। বয়স্ক পুরুষদের গভীর ঘুমের পরিমাণ কমে যায় এবং রাতে জেগে ওঠার প্রবণতা বাড়ে। নারীদের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন দেখা গেলেও তা তুলনামূলকভাবে কম। তবুও তারা নিজেদের ঘুম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতে থাকেন।

এদিকে যুক্তরাজ্যে ২ হাজার মানুষের ওপর পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে, অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপের কারণে ৬৯ শতাংশ মানুষ নিয়মিত ঘুমের সমস্যায় ভোগেন। নারীদের মধ্যে ৭৭ শতাংশ অনিদ্রার অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যেখানে পুরুষদের ক্ষেত্রে এ হার ৬২ শতাংশ। মানসিক চাপ, অর্থনৈতিক দুশ্চিন্তা, কাজের চাপ এবং সামাজিক উদ্বেগকে খারাপ ঘুমের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ জীবনযাপনের জন্য পর্যাপ্ত ও মানসম্মত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ঘুমের সমস্যা অব্যাহত থাকলে হৃদরোগ, স্ট্রোক, ওজন বৃদ্ধি, প্রদাহসহ নানা জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই ঘুম নিয়ে ব্যক্তিগত অনুভূতি এবং বাস্তব শারীরিক অবস্থার মধ্যে পার্থক্য বোঝার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকরা।

গবেষণাঘুমনারী