স্ট্রেসে ভুগছেন? নিয়মিত যোগব্যায়ামেই মিলতে পারে মানসিক শান্তি

বর্তমানের কর্মব্যস্ত ও যান্ত্রিক জীবনে মানসিক চাপ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, যিনি বলতে পারবেন তার জীবনে কোনো দুশ্চিন্তা বা উদ্বেগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, শারীরিক সুস্থতা নিয়ে সচেতনতা বাড়লেও মানসিক স্বাস্থ্যের দিকটি এখনো অনেকটাই অবহেলিত থেকে যাচ্ছে।

দীর্ঘদিন ধরে মানসিক চাপ জমতে থাকলে তা শুধু মনেই নয়, পুরো শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি মানসিক চাপের সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হরমোনজনিত জটিলতা এবং নারীদের পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোমের মতো সমস্যার সম্পর্ক রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যোগব্যায়াম মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। কারণ, এটি শুধু শরীরকে নমনীয় ও সক্রিয় রাখে না, একই সঙ্গে মনকেও শান্ত রাখতে সাহায্য করে। অন্যান্য ব্যায়ামের তুলনায় যোগব্যায়াম শরীর ও মনের সমন্বিত যত্ন নিশ্চিত করে।
স্ট্রেস কমাতে প্রতিদিন খুব বেশি সময়ের প্রয়োজন নেই। মাত্র ১৫ মিনিট সময় দিলেই শুরু করা সম্ভব। সহজ একটি রুটিন হিসেবে পাঁচ মিনিট যোগব্যায়াম, পাঁচ মিনিট শ্বাস-প্রশ্বাসের অনুশীলন এবং পাঁচ মিনিট ধ্যান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সকাল বা সন্ধ্যায় এই চর্চা করা যেতে পারে। আবার রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট ধ্যান মনকে শান্ত করতে সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, মানসিক চাপ কমাতে শুধু একটি অনুশীলন নয়, যোগব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন ও ধ্যান-এই তিনটির সমন্বিত চর্চা বেশি কার্যকর।
যোগচর্চার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। প্রথমত, প্রতিটি অনুশীলনের সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত, শরীরের ভঙ্গি যতটা সম্ভব স্বাভাবিক ও আরামদায়ক রাখতে হবে। তৃতীয়ত, শ্বাস নেওয়া ও ছাড়ার প্রক্রিয়া সঠিক হওয়া জরুরি, কারণ যোগচর্চার মূল শক্তিই শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ। পাশাপাশি প্রতিটি ধাপে মনোযোগ ধরে রাখা এবং মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকাও সমান গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, প্রথম দিনেই সবকিছু নিখুতভাবে করা সম্ভব না হলেও নিয়মিত চর্চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত ১৫ মিনিট নিজের জন্য সময় দিতে পারলে ধীরে ধীরে শরীর ও মন—দুইই আগের চেয়ে বেশি স্থির, শক্তিশালী ও সুস্থ হয়ে উঠতে পারে।



