সন্তান কি আপনার প্রতিচ্ছবি? আপনার সন্তান যদি আপনাকেই অনুকরণ করে

একটি প্রশ্ন, কিন্তু উত্তরটি সহজ নয়। অনেক বাবা-মা সন্তানের জন্য বড় স্বপ্ন দেখেন। তারা চান সন্তান ভালো মানুষ হোক, সফল হোক, সম্মান অর্জন করুক। কিন্তু যদি প্রশ্ন করা হয়- “আপনার সন্তান যদি হুবহু আপনার মতো হয়ে ওঠে, তাহলে কি আপনি খুশি হবেন?”- তখন অনেকেই হয়তো কিছুক্ষণ চুপ করে থাকবেন।
আমরা সন্তানদের প্রতিদিন নানা উপদেশ দিই। বলি, সত্যবাদী হতে, সময়মতো কাজ করতে, অন্যকে সম্মান করতে। কিন্তু সন্তানেরা কি আমাদের কথা বেশি শেখে, নাকি আমাদের কাজ? মনোবিজ্ঞানীরা বলেন, শিশুরা মূলত অনুকরণ করেই শেখে। তারা বড়দের আচরণ, অভ্যাস, ভাষা, এমনকি রাগ প্রকাশের ধরনও কপি করে।

একটি শিশুকে যদি প্রতিদিন দেখা যায় যে তার বাবা মোবাইল ফোনে ব্যস্ত, তাহলে তাকে বই পড়তে বললে সে কতটা প্রভাবিত হবে? মা যদি সব সময় অন্যের সমালোচনা করেন, তাহলে সন্তান কি সহনশীল হতে শিখবে? আবার উল্টোভাবে, যদি বাবা-মা নিয়মিত বই পড়েন, মানুষের প্রতি সহানুভূতিশীল হন, তাহলে সন্তানের মধ্যেও সেই গুণগুলো গড়ে ওঠার সম্ভাবনা বেশি।
এই প্রশ্নটি আসলে সন্তানের চেয়ে বেশি বাবা-মাকে নিয়ে। কারণ সন্তান আমাদের আয়না। তারা আমাদের কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেয়। আমরা নিজেদের যেভাবে পরিচালনা করি, সন্তানও ধীরে ধীরে সেই পথেই হাঁটতে শেখে।
আজকের ব্যস্ত জীবনে অনেক অভিভাবক সন্তানের জন্য সবকিছু করতে চান-ভালো স্কুল, ভালো পোশাক, ভালো কোচিং। কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটি হয়তো ভুলে যান, আর সেটি হলো নিজের উদাহরণ। একজন সৎ, দায়িত্বশীল, সহানুভূতিশীল মানুষ হওয়ার চর্চা সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা।
তবে এই প্রশ্নের আরেকটি দিকও আছে। অনেক বাবা-মা হয়তো বলবেন, “না, আমি চাই না আমার সন্তান আমার মতো হোক। আমি চাই সে আমার চেয়ে ভালো হোক।” এই উত্তরটিও গুরুত্বপূর্ণ। কারণ এটি আত্মসমালোচনার পরিচয়। আমরা সবাই জানি, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, কিছু ভুল আছে। সন্তানেরা যেন সেসব ভুল না করে, সেটাই তো স্বাভাবিক প্রত্যাশা।
কিন্তু সন্তান আমাদের চেয়ে ভালো হবে কীভাবে? শুধু উপদেশ দিয়ে নয়, নিজেদেরও পরিবর্তন করে। আমরা যদি সময়ের মূল্য দিই, তারা সময়নিষ্ঠ হবে। আমরা যদি ভুল স্বীকার করতে শিখি, তারাও বিনয়ী হবে। আমরা যদি অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই, তারাও মানবিক হবে।
বিশ্বজুড়ে প্যারেন্টিং বিশেষজ্ঞরা একটি কথা বারবার বলেন—“Children learn more from what you are than what you teach.” অর্থাৎ আপনি যা, সন্তান তার কাছ থেকেই বেশি শিক্ষা নেয়।
তাই “আপনার সন্তান যদি আপনার মতো হয়, আপনি কি খুশি হবেন?”- প্রশ্নটি কেবল একটি পারিবারিক প্রশ্ন নয়; এটি আত্মমূল্যায়নেরও প্রশ্ন। উত্তর যদি নির্দ্বিধায় “হ্যাঁ” হয়, তবে আপনি সম্ভবত সঠিক পথে আছেন। আর যদি উত্তর দিতে দ্বিধা হয়, তবে হয়তো এখনই নিজেকে নতুন করে দেখার সময় এসেছে।
কারণ সন্তানকে বদলাতে চাইলে, অনেক সময় আগে বদলাতে হয় নিজেকেই।



