১৮ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ব

বছরের সর্বনিম্ন পর্যায়ে দুবাইয়ে স্বর্ণের দাম

images (6)

দুবাইয়ের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বুধবার (১৮ নভেম্বর) বাজার খোলার পর মূল্যবান এই ধাতুর দর চলতি বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। একই সঙ্গে কমেছে রুপার দামও। বুধবারের এই দরপতনের তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

দুবাই জুয়েলারি গ্রুপের প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার সকালে বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৮ দিরহাম কমে ৪৫৬ দশমিক ২৫ দিরহামে দাঁড়িয়েছে। এ ছাড়া অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও কমেছে। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ৪২২ দশমিক ৫০ দিরহাম, ২১ ক্যারেটের দাম ৪০৫ দশমিক ২৫ দিরহাম এবং ১৮ ক্যারেটের দাম ৩৪৭ দশমিক ২৫ দিরহাম। অন্যদিকে ১৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম কমে দাঁড়িয়েছে ২৭১ দিরহামে।

সংগৃহীত

শুধু দুবাইয়ের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৮২ ডলারে নেমে আসে। একই সময়ে রুপার দামও ৩ দশমিক ৪৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ দশমিক ৮৩ ডলারে লেনদেন হয়।

দুবাইয়ের বাজারে গত কয়েক সপ্তাহ ধরেই স্বর্ণের দাম কমতির দিকে রয়েছে। গত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে প্রতি গ্রাম স্বর্ণের দাম ৫০০ দিরহামের নিচে অবস্থান করছে। বাজারের এই পরিস্থিতির পেছনে আন্তর্জাতিক অর্থনৈতিক নীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।

সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা (সিআইও) বিজয় ভালেচা জানান, জ্বালানিনির্ভর মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার নিয়ে আরও কঠোর অবস্থান নিতে পারে। এ ধরনের প্রত্যাশা স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে।

ভালেচা আরও জানান, সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত বিনিয়োগকারীদের মধ্যে আগামী ৯ ডিসেম্বরের বৈঠকে সুদের হার ৯৬ দশমিক ৫ শতাংশ বাড়ার প্রত্যাশা রয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মার্চের মধ্যে দুইবারের বেশি সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বিবেচনায় রাখছেন বাজারসংশ্লিষ্টরা।

Advertisements

তিনি বলেন, মঙ্গলবার সকালে স্বর্ণের দাম সামান্য বাড়লেও সামগ্রিকভাবে বাজারের প্রবণতা এখনো নিম্নমুখী। টানা তৃতীয় মাসের মতো ভোক্তা মূল্যস্ফীতির পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ায় ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণে কঠোর মনোভাব তৈরি হয়েছে। ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারও জানিয়েছেন, মূল্যস্ফীতি বাড়তে থাকলে তিনি সুদের হার আধা শতাংশীয় পয়েন্ট বাড়ানোর পক্ষে অবস্থান নিতে পারেন।

সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের এই কর্মকর্তা আরও ব্যাখ্যা করেন, সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের ইল্ড বেড়েছে এবং মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। এই দুই বিষয়ই স্বর্ণের দামের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ, স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ডলারে নির্ধারিত হওয়ায় ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের চাহিদা ও দামের ওপর চাপ সৃষ্টি করে। ফলে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দুবাইয়ের স্বর্ণের বাজারেও দরপতন অব্যাহত রয়েছে।

Advertisements