বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৭ জুন, ২০২৬
বিবিধ

‘তুমি অবিশ্বাস্য’- হ্যাটট্রিকের পর মেসির স্ত্রীর আবেগঘন বার্তা

সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে স্বপ্নের মতো সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লিওনেল মেসি মাঠে নামবেন, আর জাদু দেখাবেন না, এমনটা খুব কমই দেখা গেছে। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে গেছেন এই ৩৮ বছর বয়সী।

গ্যালারিতে বসে মেসির খেলা উপভোগ করেছেন স্ত্রী আন্তোনেলা এবং তাদের তিন ছেলে থিয়াগো মেসি, মাতেও মেসি এবং সিরো মেসি। মাঠে মেসির প্রতিটি মুহূর্তের সাক্ষী ছিলেন তারা। ম্যাচ শেষে পরিবারের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আর্জেন্টিনা অধিনায়কের প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতার প্রকাশ করেন আন্তোনেলা।

আন্তোনেলা সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে সন্তানদের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা! সবসময় তোমার সঙ্গে আছি, লিও মেসি! তুমি অবিশ্বাস্য!’

আন্তোনেলার এই সংক্ষিপ্ত বার্তাই দ্রুত ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে। কারণ এটি শুধু একজন সমর্থকের প্রশংসা নয়, বরং এমন একজন মানুষের অনুভূতি, যিনি মেসির পুরো ক্যারিয়ারজুড়ে সবচেয়ে কাছ থেকে তার সংগ্রাম, সাফল্য এবং আবেগের সাক্ষী হয়ে আছেন।

বিশ্বকাপে মেসির পরিবারের উপস্থিতি এখন যেন এক পরিচিত দৃশ্য। ২০২২ কাতার বিশ্বকাপের মতো এবারও গ্যালারিতে ছিলেন আন্তোনেলা ও তাদের তিন সন্তান। ২০১৮ সালে জন্ম নেওয়া ছোট ছেলে সিরো প্রথমবারের মতো বাবার বিশ্বকাপ যাত্রা দেখেছিল কাতারে। আর এবার যুক্তরাষ্ট্রের মাটিতেও পরিবারের সমর্থন পেয়েই শুরু করলেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ।

২০২৬ বিশ্বকাপআর্জেন্টিনামেসিস্ত্রীহ্যাটট্রিক