বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২২ জুলাই, ২০২৬
বিবিধ

আরবি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে কাবা শরিফে নতুন কিসওয়া স্থাপন

Kaba-Sharif-Gilaf-2606160646

আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন কিসওয়া উন্মোচন করা হয়।

ঐতিহ্যগতভাবে হজের সময় কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হলেও গত কয়েক বছর ধরে আরবি মহররম মাসের শুরুতেই এ কার্যক্রম সম্পন্ন করে আসছে মসজিদুল হারাম ও মীনার মসজিদ কর্তৃপক্ষ। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে পুরোনো গিলাফ অপসারণ করে নতুন কিসওয়া স্থাপন করা হয়েছে। নতুন গিলাফ একনজর দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লি অধীর আগ্রহে অপেক্ষা করেন।

কাবা শরিফের গিলাফ, যা আরবিতে ‘কিসওয়া’ নামে পরিচিত, সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়। শতাধিক দক্ষ কারিগরের প্রায় ১১ মাসের নিরলস পরিশ্রমে প্রস্তুত হয় এই কিসওয়া। সৌদি আরবের ঐতিহ্যবাহী নিয়ম অনুযায়ী সাতটি ধাপে এর নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

নতুন কিসওয়া তৈরিতে ৪৭ খণ্ড উচ্চমানের রেশমি কাপড় ব্যবহার করা হয়েছে। এর ওপর স্বর্ণ ও রৌপ্যের সুতার মাধ্যমে পবিত্র কোরআনের ৬৮টি আয়াত ক্যালিগ্রাফি করে অলঙ্কৃত করা হয়েছে। এসব আয়াত অঙ্কনের কাজে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ১০০ কেজি রৌপ্য ব্যবহৃত হয়েছে। সম্পূর্ণ গিলাফটির ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।

Advertisements

নতুন কিসওয়া উন্মোচন অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধিসহ মসজিদুল হারামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি আরবের প্রচলিত রীতি অনুযায়ী নতুন গিলাফ কাবা শরিফের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অন্যদিকে অপসারিত পুরোনো গিলাফ ছোট ছোট অংশে বিভক্ত করে বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তি ও বিশেষ অতিথিদের মধ্যে স্মারক হিসেবে বিতরণ করা হয়।

Advertisements
১৪৪৮আরবিকাবাকিসওয়ানববর্ষশরিফ