৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
বিনোদন

জার্মানির ৭ গোলের জয়ে নস্টালজিয়ায় ভাসলেন শোবিজ তারকারা

mehu

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে গোটা বিশ্ব। এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। প্রিয় দলকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব তারা। সম্প্রতি কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-০ গোলের বড় জয় ঘিরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেশ কয়েকজন তারকা।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির এই দাপুটে জয় অনেকের মনে ফিরিয়ে এনেছে ফুটবল ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায়। বিশেষ করে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। সামাজিক মাধ্যমে তাদের বিভিন্ন পোস্টে সেই অনুভূতিরই প্রতিফলন ঘটেছে।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, যিনি আর্জেন্টিনার একজন পরিচিত সমর্থক, ম্যাচের শেষ দিকে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “জার্মানি এটা কী দেখাচ্ছে!” ম্যাচ শেষ হওয়ার পর আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘৭-১… ফিলিং নস্টালজিক।’

একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী তানজিকা আমিন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘ফিলিং নস্টালজিক… জার্মানি ৭টা গোল দিসে… জাস্ট সেয়িং।’ এর আগে স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরা একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিল সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত সেই ম্যাচের স্মৃতি থেকেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে নস্টালজিয়া ও উচ্ছ্বাস দেখা গেছে বলে মনে করছেন অনেকে।

বিশ্বকাপকে ঘিরে দেশের শোবিজ অঙ্গনে বরাবরের মতোই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উপস্থিতি বেশি। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে মেহজাবীনসহ বেশ কয়েকজন তারকাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে, যা ফুটবল উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

Advertisements
Advertisements