৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্য

স্বাস্থ্য অবকাঠামোয় বড় পরিবর্তন: নারীদের চিকিৎসায় নির্মাণ হবে বিশেষ দুটি হাসপাতাল

werftgy

দেশের নারীদের জন্য উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেড় হাজার শয্যার দুটি পৃথক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে সারা দেশে আরও ২০টি আধুনিক হাসপাতাল গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটসহ দেশের ১০টি সরকারি হাসপাতালে নতুন আইসিইউ ইউনিট উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী বলেন, পরিকল্পনার আওতায় ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যার মধ্যে দুটি হবে নারীদের জন্য বিশেষায়িত এবং প্রতিটি থাকবে ১,৫০০ শয্যার। বাকি ১৮টি হাসপাতাল হবে ১,০০০ শয্যার।

তিনি আরও জানান, এসব হাসপাতালে কিডনি রোগের ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সারের চিকিৎসা, মাতৃসেবা, পুনর্বাসন এবং সাধারণ চিকিৎসাসহ সব ধরনের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে প্রতিটি হাসপাতালে পাঁচটি করে উন্নতমানের অ্যাম্বুলেন্স দেওয়া হবে এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টার সংযোজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান মন্ত্রী।

এছাড়া, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ৮০ হাজারই থাকবেন নারী। তারা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং ও চিকিৎসা সেবা প্রদান করবেন।

অনুষ্ঠানের আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি দ্রুত পরিস্থিতি উন্নয়নের নির্দেশ দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে প্রশাসনিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisements
Advertisements