বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
বিবিধ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের, তিনজনই নারী

1da55bd6-944e-413d-a570-8f22f387a401

রাজধানীতে পৃথক ঘটনায় গত তিন দিনে ট্রেনের ধাক্কায় তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কাওলা রেলক্রসিং ও বিমানবন্দরসংলগ্ন রেলপথের মাঝামাঝি এলাকা থেকে আসলামুল নামে ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি পিরোজপুর সদর উপজেলায়।

একই রাতে ওই এলাকার কাছাকাছি স্থান থেকে অজ্ঞাতপরিচয় আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই নারীর বয়স ৩০ বছরের বেশি।

এর পরদিন বৃহস্পতিবার সকালে একই রেলপথে ট্রেনের ধাক্কায় আরও এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়। নিহত ওই নারীর বয়স প্রায় ৫০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে।

সবশেষ শুক্রবার ভোরে উত্তরা কোটবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স প্রায় ৭০ বছর হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, চারজনই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। আঙুলের ছাপ মিলিয়ে এক যুবকের পরিচয় নিশ্চিত করা গেলেও বাকি তিন নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিহত চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ট্রেনদুর্ঘটনানারী