অনলাইনে মৃত্যুর গুজবের জবাব দিলেন তানিয়া বৃষ্টি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে ছড়িয়ে পড়ে অসুস্থতা ও মৃত্যুর গুজব। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত ও সহকর্মীরা। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অভিনেত্রী জানিয়েছেন, তিনি জীবিত আছেন, ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই বিশ্রাম নিচ্ছেন।
তানিয়া বৃষ্টি জানিয়েছেন, বর্তমানে তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং নির্ধারিত সময় অনুযায়ী চেকআপ করাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন বলেও জানান তিনি।
অভিনেত্রী জানান, আগামী ২০ জুন তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। বর্তমানে সেই প্রস্তুতিই নিচ্ছেন। এরই মধ্যে তার দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তৃতীয় অস্ত্রোপচারের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মাথায় নতুন কোনো জটিলতা তৈরি না হয়, সে কারণে তিনি বেশির ভাগ সময় বাসাতেই থাকছেন এবং বাইরে খুব কম বের হচ্ছেন।

গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। একই মাসে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এরপর দীর্ঘ সময় বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি।
গত ৯ মার্চ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই যান এই অভিনেত্রী। সেখানে চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে তিনি বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

এর আগে চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাকে আরও একটি অস্ত্রোপচার করাতে হবে। তবে সেটি তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। কয়েক মাস সময় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে নিউরো সার্জনদের তত্ত্বাবধানে তৃতীয় অস্ত্রোপচার করা হবে।
সব প্রতিকূলতা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি। তার সুস্থতা কামনা করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।



