বৃষ্টির সন্ধ্যায় গরম গরম বিফ পাস্তা

বৃষ্টির দিনে সন্ধ্যার নাশতায় ঝাল-মশলাদার গরম খাবারের তুলনা হয় না। আর কোরবানির ঈদের পর প্রায় সব ঘরেই থাকে গরুর মাংস। সেই মাংস দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মজাদার বিফ পাস্তা। রান্না করতে যেমন সহজ, তেমনি খেতেও দারুণ সুস্বাদু। শিশু থেকে বড়—সবাই পছন্দ করবে এই মুখরোচক খাবার।

উপকরণ
১. সেদ্ধ গরুর মাংস ১ কাপ (ঝুরি বা ছোট টুকরো করা)
২. পাস্তা ১ প্যাকেট
৩. ডিম ২টি
৪. পেঁয়াজকুচি আধা কাপ
৫. টমেটোকুচি ২টি
৬. কাঁচা মরিচ ৫-৬টি (কুচি করা)
৭. সয়াবিন তেল আধা কাপ
৮. সয়া সস ২ টেবিল চামচ
৯. টমেটো সস ৪ টেবিল চামচ
১০. আদা বাটা ১ চা-চামচ
১১. রসুন বাটা ১ চা-চামচ
১২. গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
১৩. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
১৪. লবণ স্বাদমতো
স্বাদ বাড়াতে চাইলে আরও যোগ করতে পারেন
১। সামান্য চিলি ফ্লেক্স
২। ১ টেবিল চামচ বাটার
৩। অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচি
৪। সামান্য চিজ (পরিবেশনের সময়)
প্রণালি
প্রথমে গরুর মাংস আদা বাটা, রসুন বাটা, লবণ ও প্রয়োজনমতো পানি দিয়ে সেদ্ধ করে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে ঝুরি করে বা ছোট ছোট টুকরো করে রাখুন। অন্যদিকে একটি পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ ও কয়েক ফোঁটা তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে সামান্য তেল মিশিয়ে আলাদা করে রাখুন।

এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর ফেটানো ডিম দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নিন। ডিম ভাজা হয়ে গেলে এতে সেদ্ধ গরুর মাংস যোগ করুন। এরপর সয়া সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ১ থেকে ২ মিনিট রান্না করুন।
এরপর সেদ্ধ করা পাস্তা কড়াইয়ে দিয়ে সব উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর টমেটোকুচি, কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি যোগ করে আরও ২ থেকে ৩ মিনিট নেড়ে রান্না করুন। ঝাল বেশি পছন্দ হলে সামান্য চিলি ফ্লেক্স দিতে পারেন। শেষে অল্প একটু বাটার মিশিয়ে নামিয়ে নিন।
গরম গরম পরিবেশন করুন সুস্বাদু বিফ পাস্তা। বৃষ্টিভেজা সন্ধ্যায় এক কাপ চায়ের সঙ্গে এই সহজ ও মুখরোচক নাশতা পরিবারের সবাইকে আনন্দ দেবে।



