২৫ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ৯ কার্তিক ১৪৩৩
বিবিধ

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

RuminFarhana

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় মামলা হলে সেখানে তাকেই প্রধান আসামি করার কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার নির্বাচনী এলাকার মধ্যে রয়েছে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ বিষয়ে রুমিন ফারহানার একটি লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে পৌঁছে দেন তাঁর ব্যক্তিগত সহকারী জাকির হোসেন।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসির সঙ্গে তার বাদানুবাদের ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করার খবর প্রকাশ্যে আসার পর নিজের অবস্থান তুলে ধরে এ বক্তব্য দেন সংসদ সদস্য।

লিখিত বক্তব্যে রুমিন ফারহানা জানান, গত ২৩ অক্টোবর সরাইল থানার ওসির বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন বলেও উল্লেখ করেন। যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাতে সরাইল থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বিরোধের সূত্রপাত হয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং দুর্গাপূজার সময় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে পুলিশি নিরাপত্তা না পাওয়ার বিষয় নিয়ে।

এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেন মনজুর কাদের ভূঁইয়া। তার দাবি, ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় নিয়ে এসেছেন।

Advertisements

ঘটনাটি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রুমিন ফারহানা ওসির রাজনৈতিক অতীত প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

থানার ভেতরে সংসদ সদস্য ও ওসির মধ্যে এই বাগ্‌বিতণ্ডার ঘটনা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে রুমিন ফারহানা নিজের লিখিত বক্তব্যে অভিযোগের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা জানান।

Advertisements