নবজাতক মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল দায়ী: স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে হাসপাতালটির দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনার পর এক নবজাতকের স্বজন রমনা থানায় মামলা করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীও অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন।
ঘটনার কারণ অনুসন্ধান ও করণীয় নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, যাদের তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে তারা রিপোর্ট জমা দিতে পারেনি; পরে সময় বাড়িয়ে ৩ জুন পর্যন্ত নেওয়া হয়। কমিটিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক এবং আরেকজন কর্মকর্তা ছিলেন।
এদিকে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষও নিজেদের অবস্থান তুলে ধরার জন্য সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিয়েছিল, তবে পরে তা স্থগিত করে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।



