ঈদের আমেজ শেষে এখন হালকা খাবারে ফেরার পালা

ঈদ মানেই আনন্দ আর পেট পুরে খাওয়া-দাওয়া। পোলাও, বিরিয়ানি, তেহারি, নেহারি, পায়া, রোস্ট, কাবাব, মিষ্টি, কোমল পানীয়—সব মিলিয়ে উচ্চ ক্যালরি, চর্বি, লবণ ও চিনির ছড়াছড়ি।
উৎসবের আমেজে অনেক বেশি খাওয়া হয়ে যাওয়ার ফলে পেট ফাঁপা, অস্বস্তি, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, শরীর ফুলে যাওয়া, ঘুম ঘুম ভাব অনুভূত হতে থাকে। পাশাপাশি হঠাৎ ওজন বেড়ে যাওয়ারও আশঙ্কা থাকে। এ সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন। সঠিক নিয়মের মাধ্যমে শরীরকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যেতে পারে।
দাওয়াত বা যেকোনো সময় ভারী খাবারের পর শরীরের দরকার সুষম, হালকা, সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য। এই খাবারের ভারসাম্য যেমন হবে—
হালকা ও ব্যালান্সড খাবার
ভারী খাবারের পর খাবারের প্লেটে কয়েক দিন সহজপাচ্য ও কম তেলযুক্ত খাবার রাখুন। আধা প্লেট সবজি, শাক ও সালাদ, প্লেটের এক-চতুর্থাংশ প্রোটিন (মাছ হলে বেশি ভালো, মুরগি, ডাল) এবং এক-চতুর্থাংশ শর্করা (ভাত বা রুটি, ওটস ও অন্যান্য আঁশসমৃদ্ধ শর্করা বেছে নেওয়া ভালো) মিলিয়ে এক বেলার মিল তৈরি করুন। এতে একদিকে ক্যালরি নিয়ন্ত্রণ করা সহজ হবে, অন্যদিকে পেট দীর্ঘ সময় ভরা থাকবে, কমবে অতিরিক্ত খাওয়ার প্রবণতা।

পর্যাপ্ত পানি পান করুন
ভারী খাবারে সাধারণত লবণ বেশি থাকে। ফলে শরীরে পানি জমে ফোলা ভাব তৈরি হতে পারে। তাই এখন পর্যাপ্ত পানি খাওয়া খুব জরুরি। দিনে ৮–১০ গ্লাস পানি শরীরের স্বাভাবিক বিপাকক্রিয়া সচল রাখতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, হজমের ক্ষমতা ঠিক রাখার জন্য সঠিক নিয়মে পানি খেতে হবে। খাবার খাওয়ার মধ্যে পানি পান না করে, খাওয়ার অন্তত ২০-৩০ মিনিট পর পানি পান করুন। অনেকে কোমল পানীয় বা অতিরিক্ত মিষ্টি জুস খান, যা শরীরে বাড়তি চিনি যোগ করে। চিনির শরবতের বিকল্পে লেবুপানি, ডাবের পানি বা চিনি ছাড়া সাধারণ পানি ও শরীরে জন্য ভালো।

পরিমিত প্রোটিন প্রয়োজন
অনেকেই মনে করেন, ঈদের কদিন অনেক খেয়ে ফেলেছি, এবার ওজন কমাতে খাবার কমিয়ে দিলেই হবে। কিন্তু এই ভুলে খুব কম খেলে বরং দুর্বলতা বাড়তে পারে, আবার পরে বেশি খাওয়ার প্রবণতা দেখা দেয়। তাই প্রতিদিনের খাবারে পরিমিত প্রোটিন রাখা জরুরি। মাছ, মুরগি, ডিম, ডাল, ছোলা, টক দই বা সয়াবিনজাতীয় খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।
আঁশযুক্ত খাবার বাড়াতে হবে
ফাইবার বা আঁশ হজমশক্তি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারী খাবারের পর কোষ্ঠকাঠিন্য বা অস্বস্তি কমাতে প্রতিদিন ফল (৩-৪টি) ও শাকসবজি (৩ বেলা) খাওয়ার অভ্যাস বাড়ানো দরকার। শসা, গাজর, টমেটো, লাউ, পেঁপে, পেয়ারা, আপেল, জাম, জামরুল, কমলা, কলা ইত্যাদি খেলে বিপাকক্রিয়া সচল থাকবে।

মিষ্টি ও প্রসেসড খাবার বাদ রাখুন
অনুষ্ঠানের পরে ঘরে অনেক সময় মিষ্টি, কেক, কোমল পানীয় বা ভাজাপোড়া খাবার থেকে যায়। এগুলো বারবার খাওয়ার ফলে ক্যালরি দ্রুত বেড়ে যায়। তাই হয় কম পরিমাণে রান্না করুন এবং এগুলো চোখের সামনে না রেখে দ্রুত বিলিয়ে শেষ করে ফেলুন। চা বা কফিতে অতিরিক্ত চিনি কমিয়ে দিন। আপনার এই ছোট ছোট পরিবর্তন দীর্ঘ মেয়াদে বড় উপকার করবে।

রাতের খাবার হালকা হোক
অনেক রাতে ভারী খাবার খেলে হজমে সমস্যা ও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই রাতের খাবারে সবজি, সালাদ, ডাল, মাছ বা অল্প ভাত/রুটি রাখলে ভালো। আর রাতের খাবারটা আটটার মধ্যে খেয়ে নিতে চেষ্টা করুন। মনে রাখবেন, বেশি রাতে না খাওয়া এবং খাওয়ার অন্তত ২–৩ ঘণ্টা পরে ঘুমাতে যাওয়া ওজন কমাতে সাহায্য করে।
নিয়মিত পরিশ্রম বাড়ান
খাবার পরিবর্তনের পাশাপাশি শুয়ে-বসে না থেকে চলাফেরার অভ্যাস বাড়ান। টানা ভারী খাওয়াদাওয়ার পরে এখন হঠাৎ কঠিন ব্যায়াম শুরু করার দরকার নেই। বরং প্রতিদিন ৩০–৪৫ মিনিট হাঁটা, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার বা হালকা ব্যায়াম করতে পারেন। খাওয়ার পরে ১০–১৫ মিনিট হাঁটলে হজমেও সাহায্য হয় এবং রক্তে শর্করার ওঠানামা কিছুটা নিয়ন্ত্রণে থাকে।

রুটিন জীবনযাপনে ফিরে আসুন
ছুটিতে অনিয়মিত ঘুম ক্ষুধা নিয়ন্ত্রক হরমোনের ওপর প্রভাব ফেলে, ফলে বেশি খাওয়ার প্রবণতা বাড়ে। তাই প্রতিদিন রাতে ৬-৭ ঘণ্টা ঘুম নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক রুটিনে ফিরে আসা প্রয়োজন। সকালে নাশতা বাদ দেওয়া বা দীর্ঘ সময় না খেয়ে থাকা ঠিক নয়।
আতঙ্ক নয়
ভারী খাবারের পরে ১–২ কেজি ওজন বেড়ে যেতে পারে, যার অনেকটাই শরীরে পানি জমার কারণে হয়। তাই হঠাৎ ক্র্যাশ ডায়েট শুরু না করে ধীরে ধীরে স্বাস্থ্যকর অভ্যাসে ফিরুন। ওজন নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো ধৈর্য ও ইচ্ছা। ইচ্ছা থাকলেই সঠিক নিয়মে খাবার খাওয়া, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারবেন। তাই টানা ভারী খাবার খাওয়া মানেই শরীর নষ্ট হয়ে যাওয়া নয়। কয়েক দিন সচেতনভাবে খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি, ঘুম ও নিয়মিত হাঁটার মাধ্যমে শরীরকে আবার সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।



